কায়রো, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কায়রোর কাছাকাছি নেক্রোপলিসে এই প্রথমবারের মতো আড়াই হাজার বছরের প্রাচীন মধ্যবিত্ত পরিবারের দুই সদস্যের কবরের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা।
আশা করা হচ্ছে, এর মাধ্যমে প্রাচীন মিশরের মধ্যবিত্ত সমাজ ব্যবস্থা সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।
মঙ্গলবার প্রত্নতাত্ত্বিক দলের প্রধান জাহি হাওয়াস এ কথা জানান।
খ্রিস্টপূর্ব ৬৬৪ থেকে ৫২৫ সালের মধ্যে খোঁড়া এই কবরগুলো দক্ষিণ কায়রো থেকে ২০ মাইল দূরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাক্কারার কবরস্থানে অবস্থিত। ওই সময় মিশরের শাসন ক্ষমতায় ছিল ২৬তম রাজবংশ।
জাহি হাওয়াস রয়টার্সকে বলেন, "কবরগুলো প্রাচীন মিশরের মধ্যবিত্ত পরিবারের। এতে রাজকীয় কোনও নিদর্শন নেই। কবরের কোথাও কারো নাম লেখা নেই।"
সম্ভবত রোমান সাম্রাজ্যের শেষ দিকে লুঠতরাজের সময় কবরগুলো বেশ কয়েক বার খোঁড়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এখানে বেশ কিছু কফিনসহ মানুষের মৃতদেহ, মমিকৃত ঈগলের মতো প্রাণী ছাড়াও মাটির তৈরি তৈজষপত্র রয়ে গেছে।
মেম্ফিসের এত কাছে সাক্কারার মতো বিখ্যাত কবরস্থান এ রকম লুটহীন থাকায় একটু অবাকই প্রত্নতাত্ত্বিক দল।
হাওয়াস বলেন, "সাক্কারায় এখনও বহু রহস্য লুকিয়ে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/ ২১৪৮ ঘ.
bdnews24