কলোম্বো, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলঙ্কায় বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী জেনারেল সারথ ফন্সেকাকে নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সর্বাত্মক সমর্থন দিয়েছে 'তামিল ন্যাশনাল এলায়েন্স' (টিএনএ)।
ফন্সেকাকে সমর্থন দেওয়াটাই প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পুনর্নির্বাচিত হওয়া ঠেকানোর একমাত্র পথ বলে উল্লেখ করেছে তারা।
জেনারেল ফন্সেকা গত মে মাসে লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর বিরুদ্ধে লড়াইয়ে শ্রীলংকা সরকারের জয় ছিনিয়ে এনে দেশে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটান।
কিন্তু এলটিটিই'র সমর্থনপুষ্ট জাতিগত তামিল রাজনৈতিক দল টিএনএ বলেছে, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় মাহিন্দা রাজাপাকসের পরাজয় ঘটানোটাই সর্বাগ্রে প্রয়োজন।
টিএনএ'র পার্লামেন্টারি গ্র"প এর নেতা আর স্যাম্পান্থন এক সাংবাদিক সম্মেলনে বলেন, "জোটের কেউ কেউ জেনারেল ফন্সেকাকে সমর্থন দিতে আপত্তি করছে।
কিন্তু বেশির ভাগ সদস্যই মনে করছে, যৌথ বিরোধীদলীয় প্রার্থী ফন্সেকাকে ভোট দেওয়ার মধ্য দিয়েই কেবল নির্বাচনে রাজাপাকসের পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা ঠেকানো যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24