২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৩ সেনা নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের এক সামরিক স্কুলে বুধবার আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 11:01 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

মুজাফ্ফরাবাদ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের এক সামরিক স্কুলে বুধবার আত্মঘাতী বোমা হামলায় তিন সেনা নিহত হয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। আজাদ কাশ্মীরের পুলিশ প্রধান জাভেদ ইকবাল বলেন," সেনাদেরকে ব্যারাক থেকে বেরিয়ে আসতে দেখে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়।" সামরিক এক মুখপাত্র জানান, হামলায় নিহত তিন সেনার সঙ্গে আহত হয়েছে আরও ১২ জন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। গত অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের তালেবান জঙ্গিদের দমন করতে পাকিস্তান সেনাবাহিনী বড় ধরনের অভিযান শুরুর পর থেকেই সহিংসতা বেড়ে গেছে দেশটিতে। বোমা হামলায় এরই মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। যাদের বেশিরভাগই উত্তর পশ্চিমাঞ্চলের। দীর্ঘদিন ধরে ইসলামী জঙ্গি সহিংসতা থেকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর মুক্ত থাকলেও গত বছর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। গত মাসেও রাজধানী মুজাফ্ফরাবাদে পবিত্র মহররমের দিন শিয়াদের এক শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় পাঁচ জন নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬৫৮ ঘ.