ক্যালিফোর্নিয়া, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জন্য জনপ্রিয় প্রতিষ্ঠান গুগুল এবার বাজারে ছেড়েছে তাদের নতুন মোবাইল ফোন নেক্সাস ওয়ান। এই ফোন সুপারফোনের নতুন ধারা। নেক্সাস ওয়ানে একসঙ্গে কাজ করবে ওয়েব এবং ফোন।
এই ফোনের রয়েছে ৩ দশমিক ৭ ইঞ্চি (৯ দশমিক ৪ সেন্টিমিটার) টাচ স্ক্রিন মনিটর এবং এলইডি ফ্ল্যাশসহ একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১১ দশমিক ৫ মিলিমিটারের এই ফোনের ওজন মাত্র ১৩০ গ্রাম (৪ দশমিক ৬ আউন্স)।
অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেমেরই আধুনিক সংস্করণ এই নতুন ফোন। হার্ডঅয়্যার প্রস্তুকারক কোম্পানী এইচটিসি'র সঙ্গে যৌথভাবে গুগুল ফোনটি তৈরি করেছে।
অত্যন্ত হালকা-পাতলা এই ফোনে ভয়েস টু টেক্সট ক্ষমতা থাকায় এর মালিক কোনও কিছু টাইপ না করেই এসএমএস পাঠাতে পারবেন। নির্ধারিত অপশনে গিয়ে প্রয়োজনীয় কথা মুখে বললেই সেগুলো গ্রাহক ফোনের মনিটরে লিখিতভাবে পৌঁছে যাবে। ভয়েস কমান্ড অনুযায়ীও কাজ করতে সক্ষম ফোনটি।
নেক্সাস ওয়ান চালুর মধ্য দিয়ে গুগুল এবারই প্রথম সাধারণ মানুষের জন্য কোনও পণ্য বাজারে ছাড়ল। ফোনটি অ্যাপল আইফোনের মতো অতটা বৈপ্লবিক না হলেও এটি বাজারে যথেষ্ট প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলেই বিশ্লেষকদের ধারণা। ফোনটি গুগুলের জন্য লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।
গুগুল বলেছে, মার্কিন কিংবা জার্মান প্রতিষ্ঠান টি-মোবাইলের কাছ থেকে দুই বছরের সংযোগসহ ফোন সেটটি কেনা যাবে ১৭৯ ডলারে। আর গুগুল ওয়েবসাইট থেকে নেক্সাস ওয়ান কেনার খরচ পড়বে ৫২৯ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24