নয়াদিল্লি, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সরকার মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ভেঙে আলাদা তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত পিছিয়েছে। এর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে তেলেঙ্গানা রাজ্যের সমর্থক ও বিরোধী দুপক্ষই।
বিশ্লেষকরা বলছেন, এ অস্থিরতার কারণে হায়দ্রাবাদের ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতে পারে।
গত বছর ডিসেম্বরে ভারত সরকার অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়। কিন্তু তারপর থেকেই এর বিরুদ্ধে খোদ কংগ্রেস পার্টির সদস্যরাসহ আঞ্চলিক আরও অনেক পার্টির লোকজনদের দৈনিক বিক্ষোভ-প্রতিবাদে সরকারের ওই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি।
মঙ্গলবার সরকার অন্ধ্রপ্রদেশের স্থানীয় রাজনীতিবিদদের নিয়ে বৈঠক আহ্বান করে।
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর বলেছেন, সংশ্লিষ্ট ও অন্যান্য দলগুলোর সঙ্গে আরও আলোচনার বিরোধী কেউই না।
সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরবর্তী কোনও এক সময়ে সরকার এ ব্যাপারে সামনে আগানোর পথ সুনির্দিষ্ট করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানাবে।
চিদাম্বরমের তেলেঙ্গানা রাজ্যের সিদ্ধান্ত পেছানোর এই খবরে হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। রাস্তায় বিক্ষোভ করে ছাত্ররাসহ তেলেঙ্গানা-পন্থি দলগুলো। তারা আরও বড় ধরনের বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে।
নয়াদিল্লিতে ইউনাইটেড অন্ধ্র প্রদেশ এর সমর্থকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তাবেষ্টনী ভেঙে সরকার বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে।
তেলেঙ্গানা রাজ্যের দাবি নিয়ে অন্ধ্র প্রদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত মাসের বিক্ষোভ এবং নতুন করে আরও বিক্ষোভে ব্যাহ হচ্ছে হায়দ্রাবাদের ব্যবসা-বাণিজ্য। রয়টার্সকে একথা জানিয়েছেন 'দ্য সেন্টার ফর মেডিয়া স্টাডিজ' এর কর্মকর্তা এন ভাস্কর রাও।
তেলেঙ্গানা ইস্যু নিয়ে বেশির ভাগ রাজনীতিবিদের মধ্যে নিজদলেই তীব্র মতভেদ থাকায় আলাদা তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার পথ সুগম হওয়ার আশু কোনও সমাধানের সম্ভাবনা ক্ষীণ।
বিশেষজ্ঞরা বলছেন, তেলেঙ্গানার দাবিতে আন্দোলন জোরদার হলে রাজ্যে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন পড়তে পারে। এটি কংগ্রেস পার্টির জন্য হবে বড় একটি ধাক্কা। এতে করে কংগ্রেস আসন হারাতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৬ ঘ.
bdnews24