মুম্বাই, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী তিন বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি 'ন্যানো' যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়তে পারে ভারতের গাড়ি নির্মাণ কোম্পানী টাটা মটর্স।
মঙ্গলবার নয়াদিল্লিতে এক গাড়ি প্রদর্শনীতে সাংবাদিকদের একথা জানান টাটা মটর্সের চেয়ারম্যান রতন টাটা।
যুক্তরাষ্ট্রের পর ২০১১ সালে ইউরোপেও এই গাড়ি বিক্রির সম্ভাবনার কথা জানান তিনি।
টাটা বলেন, কেবল উন্নয়নশীল দেশে নয়, উন্নত দেশগুলোতেও ন্যানোর সম্ভাবনাময় বাজার আছে।
যুক্তরাষ্ট্রে এ গাড়ি চালুর জন্য আমাদের বড় ইঞ্জিনের দরকার পড়বে এবং আরও কিছু পরীক্ষা নিরীক্ষা ও পরিবর্তন-পরিবর্ধন দরকার হবে। আমরা এখন সেই প্রক্রিয়াই শুরু করেছি।
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার। কিন্তু এ সপ্তাহে পাওয়া উপাত্তে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি গাড়ি বিক্রি হয়েছে চীনে।
আর ন্যানো সবচেয়ে সস্তা গাড়ি হওয়ায় বিশ্বজুড়ে এটি সবার নজর কেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24