লন্ডন, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়ে এখনও চুক্তি করা সম্ভব। ব্রিটিশ প্রধামন্ত্রী গর্ডন ব্রাউন রোববার একথা বলেছেন।
কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনের পর কি হচ্ছে জানতে চাওয়া হলে ব্রাউন বিবিসিকে বলেন, "পরবর্তী কয়েকমাসের মধ্যেই এ বিষয়টি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তা আছে এবং আমি এ বিষয়ে কাজ করব।"
তিনি বলেন, "কোপেনহেগেনে যে ভিত্তিটা তৈরি হয়েছে সেখান থেকে একটি চুক্তিতে যাওয়া অসম্ভব নয় এবং সে চুক্তিতে সবাই খুশিও হবে বলে আমার ধারণা।"
পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, "আগামী কয়েক মাসের মধ্যেই আমি এ বিষয়ে কাজ শুরু করব এবং যে বিষয়ের জন্য কোপেনহেগেনে কোনো চুক্তি হয়নি সে বিষয়টি থেকে বেরিয়ে আসার একটি পথও আমি দেখতে পাচ্ছি।"
গত মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন বাধ্যবাধকতামূলক মেনে চলার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে উন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে মতানৈক্যের কারণেই সম্মেলন থেকে কোনো চুক্তি আলোর মুখ দেখেনি।
সম্মেলনের এ ফলাফল অনেক পরিবেশবিদ ও নীতিনির্ধারককে হতাশ করেছে।
২০১০ সালের নভেম্বরে মেক্সিকোতে জলবায়ু বিষয়ে আরেক দফা আলোচনার কথা রয়েছে। প্রত্যাশা করা হচ্ছে কিয়াটো চুক্তি পর কোপেনহেগেনে ব্যর্থ হলেও মেক্সিকো রাউন্ড থেকে জলবায়ু বিষয়ে নতুন একটি চুক্তি হবে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১২১৮ ঘ.
bdnews24