কাবুল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্ত্রিসভা গঠন নিয়ে শুরুতেই ধাক্কা খেলেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
মন্ত্রিসভায় তিনি যে ২৪ জনকে মনোনীত করেছেন, তার ১৭ জনকেই শনিবার প্রত্যাখ্যান করেছে পার্লামেন্ট। এদের মধ্যে সাবেক গেরিলা নেতা ইসমাইল খানসহ কারজাইয়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক মন্ত্রী রয়েছেন।
প্রত্যাখ্যাতদের মধ্যে বিচার, বাণিজ্য, জ্বালানি, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য মনোনীতরা রয়েছেন। পার্লামেন্ট সদস্যদের অভিযোগ, মনোনীতরা দুর্নীতিতে জড়িত।
প্রেসিডেন্ট নির্বাচনে কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবদুল্লাহ রয়টার্সকে বলেন, "এটা কারজাইয়ের প্রতি অনাস্থা ভোট।"
"কারজাই ভোটেও হেরেছিলেন এবং মন্ত্রিসভা গঠন করতে গিয়েও হারলেন", বলেন তিনি।
আবদুল্লাহর অভিযোগ, গত বছরের নির্বাচনে কারজাই কারচুপি করে জিতেছিলেন।
পার্লামেন্টে প্রত্যাখ্যাতদের মধ্যে সোভিয়েতবিরোধী গেরিলা নেতা ইসমাইল খানকে জ্বালানি মন্ত্রী হিসেবে মনোনীত করেছিলেন কারজাই। গৃহযুদ্ধকালীন ভূমিকার কারণে তিনি বেশ অজনপ্রিয়।
তবে পার্লামেন্ট সদস্যদের এ সিদ্ধান্ত আফগান সরকারের নীতির পরিবর্তনের ক্ষেত্রে সামান্যই প্রভাব ফেলবে। কারণ অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, শিক্ষা এবং কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে আগের ব্যক্তিরাই থাকছেন।
তবে পার্লামেন্টের এই প্রত্যাখ্যান কারজাইকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর সবকিছু নতুন করে শুরুর অঙ্গীকার করেছিলেন কারজাই। কিন্তু তার মন্ত্রিসভা নির্বাচন অনেককেই হতাশ করেছে।
কাবুল থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য সৈয়দ দাউদ হাশিমি বলেন, "এ ধরনের প্রার্থীদের আর কখনো মনোনয়ন না করার জন্য প্রেসিডেন্টের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।"
তিনি বলেন, "এদের কেউ কেউ দুর্নীতিতে জড়িত ছিলো এবং সরকারি ক্ষমতার অপবব্যবহার করেছে। তাই আমরা তাদের বাতিল করে দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২০১ ঘ.
bdnews24