২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হামলার চেষ্টাকারী আল কায়দার সদস্য: ওবামা

বড়দিনে বিমানে হামলার চেষ্টাকারী ওমর ফারুক আব্দুল মুতালিব আল কায়দার সদস্য বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 10:21 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

হনুলুলু, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড়দিনে বিমানে হামলার চেষ্টাকারী ওমর ফারুক আব্দুল মুতালিব আল কায়দার সদস্য বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি শুক্রবার বলেছেন, আল কায়দাই তাকে প্রশিক্ষণ ও বিস্ফোরক দিয়েছে। ওবামা তার সাপ্তাহিক বেতার ভাষণে বলেন, "বড়দিনের ওই হামলা চেষ্টার তদন্ত চলছে এবং আমরা সন্দেহভাজন সম্পর্কে আরো অনেক তথ্য জানতে পারছি।" তিনি জানান, আরব উপদ্বীপের আল কায়েদা মুতালিবকে প্রশিক্ষণ ও বিস্ফোরক দিয়ে যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলা চালাতে পাঠিয়েছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। আমস্টারডাম থেকে ডেট্রয়েটগামী বিমানটিতে বিস্ফোরক নিয়ে মুতালিবের ওঠার পেছনে পদ্ধতিগত ব্যর্থতাকে দায়ী করেন ওবামা। প্রশাসনের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা নিয়ে বিরোধী রিপাবলিক পার্টির সমালোচনার জবাবে তিনি বলেন, বিমানযাত্রীদের তল্লাশি এবং সন্ত্রাসী তালিকা পর্যালোচনার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, শুরুতেই তার ইতিবাচক ফল পাওয়া গেছে। নতুন পদ্ধতির চূড়ান্ত ফল কিছুদিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সন্ত্রাসী হুমকি মোকাবেলার ওবামা প্রশাসন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে রিপাবলিকানরা বলে আসছে। বিমান হামলা কিভাবে প্রতিহত করা যায়, সে বিষয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করবেন ওবামা। তিনি এখন হাওয়াই দ্বীপে অবকাশ যাপন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/