ইসলামাবাদ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভলিবল মাঠে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৮ জনে উন্নীত হয়েছে।
লাক্কি মারওয়াত শহরের কাছে শুক্রবার ওই হামলা হয়।
স্থানীয় পুলিশ প্রধান আইয়ুব খান জানান, হামলাকারী একটি গাড়ি নিয়ে মাঠের মাঝখানে ঢুকেই বিস্ফোরণ ঘটায়। হামলাকারীর সঙ্গে থাকা আরেকটি গাড়ি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
৮৮টি লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "ধ্বংসস্তূপ থেকে নিহত ও আহতদের সরিয়ে নেওয়া হয়েছে।"
হামলার সময় খেলা দেখতে ব্যাপক সংখ্যক গ্রামবাসী জড়ো হয়েছিলেন। ফলে হতাহতের সংখ্যা এত বেশি।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে ওই গ্রামের বাসিন্দারা তালেবান জঙ্গিদের বিরুদ্ধে সংগঠিত হওয়ায় পুলিশের ধারণা, তালেবান এ হামলা চালিয়েছে।
এদিকে রাজনৈতিক ও ধর্মীয় নেতারদের ডাকা ধর্মঘটে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি প্রায় অচল হয়ে পড়েছে।
গত সপ্তাহে আশুরায় শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়। ওই হামলায় ৪৩ জন নিহত হয়।
তালেবান সোমবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করে আরো হামলা চালানোরও হুমকি দিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১১৩০ ঘ.
bdnews24