২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভলিবল খেলায় আত্মঘাতী হামলা, নিহত ৭০

জঙ্গি হামলাবিরোধী ধর্মঘটে শুক্রবার করাচি কার্যত অচল হয়ে পড়লেও হামলা থেমে নেই। এবার আত্মঘাতী হামলা চালানো হয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানে একটি ভলিবল মাঠে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয় আরও বহু লোক। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 01:46 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জঙ্গি হামলাবিরোধী ধর্মঘটে শুক্রবার করাচি কার্যত অচল হয়ে পড়লেও হামলা থেমে নেই। এবার আত্মঘাতী হামলা চালানো হয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানে একটি ভলিবল মাঠে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয় আরও বহু লোক। এক পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি এলাকার খুব কাছে লাকি মারওয়াত শহরে এই হামলা চালানো হয়। পুলিশ কর্মকর্তা হাবিবুল্লাহ খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা ৭০ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি। আহত হয়েছে আরও বহু লোক। বেসরকারী গাড়িতে করে তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।" এর আগে স্থানীয় পুলিশ প্রধান আইয়ুব খান টেলিফোনে বার্তা সংস্থাটিকে বলেন, "এ মুহূর্তে আমরা ৯ থেকে ১০ জনের নিহত হওয়ার খবর পেয়েছি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা ধসে পড়া বাড়িঘরের স্তুপের নিচ থেকে লোকজনকে বের করে আনছি।" হাবিবুল্লাহ খান জানান, হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে কাছাকাছি অনেক বাড়ি-ঘরের ছাদ। কিভাবে হামলা চালানো হয়েছে, সে ব্যাপারে পরস্পর বিরোধী খবর পাওয়া যাচ্ছে। হাবিবুল্লাহ জানান, খেলা চলার সময় হামলাকারী হেঁটে এসে শরীরের সঙ্গে বাঁধা বিষ্ফোরকের বিষ্ফোরণ ঘটায়। তিনি একে আত্মঘাতী হামলা হিসেবে অভিহিত করেন। আর উর্ধ্বতন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা খালিদ ইসরার বলছেন অন্য কথা। হাসপাতাল থেকে টেলিফোনে তিনি বলেন, আহত কয়েকজন বলছেন, খেলা চলার সময় গাড়িতে করে মাঠে ঢুকেই বিষ্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয় হামলাকারী। এদিকে রাজনৈতিক ও ধর্মীয় নেতারদের ডাকা ধর্মঘটে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচি প্রায় অচল হয়ে পড়েছে। এ সপ্তাহে একটি ধর্মীয় শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়। হামলায় ৪৩ ব্যক্তি নিহত হয়েছিল। সোমবারের ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। সেই সঙ্গে আরো হামলা চালানোরও হুমকি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/টিআর/২২৩২ ঘ.