২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল করাচি

আশুরার শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ডাকা ধর্মঘটে শুক্রবার অচল হয়ে পড়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

করাচি, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আশুরার শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ৪৩ জন নিহতের ঘটনার প্রতিবাদে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ডাকা ধর্মঘটে শুক্রবার অচল হয়ে পড়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে স্টক এক্সচেঞ্জ, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য। গত সোমবার আশুরার দিনে শিয়া মুসলিমদের শোভাযাত্রায় আত্মঘাতী হামলার দায় বুধবার স্বীকার করেছে তালেবানরা। শুধু তাই নয় পাশাপাশি ১০ দিনের মধ্যে নতুন করে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছে তারা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সহযোগীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা আবারও নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক চাপের মুখে থাকার এই সময়ে তালেবানদের কাছ থেকে নতুন করে আরও বোমা হামলার এই হুমকি এল। করাচিতে বোমা হামলার পর গোটা শহরে ছড়িয়ে পড়া দাঙ্গায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। সুন্নি পণ্ডিত মুফতি মুনিবুর রেহমান এ হামলার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন। তিনি বলেন, "আমরা চাই হামলায় যারা নিহত হয়েছে কেবল তারাই নয়, যারা জীবিকা খুইয়েছে সরকার তাদেরকেও ক্ষতিপূরণ দিক।" একরণেই সর্বাত্মক ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান তিনি। করাচির পুলিশ প্রধান ওয়াসীম আহমেদ রয়টার্সকে বলেন, "আজ (শুক্রবার) আমরা সুনির্দিষ্ট কোনও হুমকি পাইনি। তারপরও পুলিশ ও আধাসামরিক বাহিনী টহল দিচ্ছে।" তবে অধিবাসীরা নতুন হামলার ভয়ে আছে। দোকানীরা দোকানপাট খোলার ঝুঁকি নিচ্ছে না বলে জানিয়েছেন এক ব্যবসায়ী সালিম আহমেদ। তিনি বলেন, "কিছু ঘটে গেলে, বা কেউ এসে কোনও ক্ষতি করলে সারাদিনের বিক্রি থেকে যে অর্থ আয় হত তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। তাই ঘরে থাকাই ভাল।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ ঘ.