পাদাং, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবার ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। পাদাং শহরে এ ভূমিকম্পে নিহত হয়েছে অন্ততপক্ষে ৭৫ জন। বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে হাজার হাজার মানুষ। কর্মকর্তারা একথা জানিয়েছেন। বহু বাড়িঘরসহ হোটেল, স্কুল, দোকানপাট ধসে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জাকার্তায় এক সাংবাদিক সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ইউসুফ কাল্লা একথা বলেন।
এর আগে জাকার্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ কেন্দ্রের প্রধান রুস্তম পাকায়া ভূমিকম্পে ২১ জন নিহত এবং হাজার হাজার মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ার কথা জানান। তিনি আরও বলেন, ভূমিকম্পে শহরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। পাদাংয়ের একটি হাসপাতালও ধসে পড়েছে।
টিভি ফুটেজে বিস্তীর্ণ এলাকাজুড়ে বাড়িঘরের ধ্বংসস্তুপ দেখা গেছে। ধসে পড়েছে পাদাং বিমানবন্দরের ছাদ। অন্যান্য গণমাধ্যমগুলো কয়েকটি হোটেল ধসে পড়ার কথা জানিয়েছে।
বহু বাড়িঘর ও সেতু ধসে পড়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। এ ভূমিকম্প ভারত মহাসাগরে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছে জাপানের আবহাওয়া সংস্থা।
গোটা অঞ্চলসহ প্রতিবেশী সিঙ্গাপুরের বহুতল ভবনগুলোতে ভূকম্পন অনুভূত হয়েছে। মালয়েশিয়াতেও ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমকম্পের পরপরই আঞ্চলিক সুনামি সতর্কতা জারি করা হয়। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এবং জাপানের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে সুনামির পর ইন্দোনেশিয়ায় এ ভূমিকম্প হল। এতে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কোনও কোনও স্থানে আগুন ধরে গেছে। সেতু ভেঙে পড়েছে। ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানির পাইপ ফেটে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে পাদাং শহর থেকে জানিয়েছেন রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
ইন্দোনেশিয়ার মেট্রো টিভিতে ভূমিকম্পদূর্গত এলাকার আদি নামক এক অধিবাসী তার চারপাশে কেবলই ধ্বংসস্তুপের কথা জানিয়েছে। তিনি বলেন, "এখন পর্যন্ত কোনও মৃতদেহ দেখিনি। কেবলই বাড়িঘরের স্তুপ দেখছি। কতকগুলো বাড়ি অর্ধধ্বংস হয়েছে। অন্যগুলো পুরোটাই ধসে পড়েছে। লোকজন ভয়ে ভয়ে আছে। তারা সুনামির আশঙ্কা করছে। কোনও সাহায্য এখনও পৌঁছেনি।"
পাদাং ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী। এর অধিবাসীর সংখ্যা ৯ লাখ। অবস্থানের কারণে এ শহরটি একদিন ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে-- ভূতাত্বিকরা অনেকদিন থেকেই এমন কথা বলে আসছেন।
জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, সুমাত্রায় বুধবারের এ ভূমিকম্প ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে ধ্বংসাত্মক সুনামি ডেকে আনতে পারে।
সংস্থাটি বলেছে, ভারত মহাসাগরে ধ্বংসাত্মক সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের তিন ঘন্টার মধ্যে ভারত, শ্রীলংকা এবং অস্ট্রেলিয়ার কোকো দ্বীপে এ সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে তারা।
তবে ভারত জানিয়েছে, সুমাত্রায় ভূমিকম্পের পর তারা কোনও সুনামি সতর্কতা জারি করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৯ ঘ.
bdnews24