পাকিস্তান, ৩০ সেপ্টেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান তালেবান নেতা মোল্লা মোহম্মদ ওমর পাকিস্তানে নেই। যুক্তরাষ্ট্র পাকিস্তানে ড্রোন বিমান হামলা চালিয়ে যাওয়ার অজুহাতেই কেবল ওমর সেখানে রয়েছেন বলে দাবি করে আসছে। এক তালেবান কমান্ডার বুধবার একথা বলেছেন।
তালেবান কমান্ডার হায়াতুল্লাহ খান আফগানিস্তানের এক অজ্ঞাত স্থান থেকে রয়টার্সকে ফোনে বলেছেন, সব তালেবান নেতাই আফগানিস্তানে রয়েছেন।
তিনি বলেন, "পাকিস্তান আমাদের জন্য নিরাপদ নয়। আমাদের বেশিরভাগ লোকই আফগানিস্তানের তুলনায় পাকিস্তানে ধরা পড়ছে। সেকারণে মোল্লা ওমরসহ প্রত্যেকেই আফগানিস্তানে আছে।"
তিনি আরও বলেন, "আমেরিকানরা বেলুচিস্তানে ড্রোন হামলা জোরদার করতেই কোয়েটা সূরার অজুহাত দিচ্ছে। এছাড়া আর অন্য কোনও কারণ নেই।"
'দ্য ওয়াশিংটন পোস্ট' এ সপ্তাহে বলেছে, মার্কিন কর্মকর্তারা পাকিস্তানে কোয়েটার আস্তানা থেকে আফগানিস্তানে ওমর ও তার অনুসারীদের হামলা চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পাকিস্তান দীর্ঘদিন থেকেই বলে আসছে ওমর কিংবা তার কোনও কমান্ডার পাকিস্তানে নেই। কিন্তু তারা এ ব্যাপারে ওয়াশিংটন এবং কাবুলের সন্দেহ দূর করতে পারেনি। পাকিস্তানে আটক হয়েছে কয়েকজন তালেবান সদস্য।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবান বিদ্রোহের লাগাম টেনে ধরার উপায় খোঁজার এই সময়ে ওমর ও তার কোয়েটা সূরা বা লীডারশীপ কাউন্সিল নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে।
তালেবানদের দৌরাত্ম কমাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বাড়তি সেনা পাঠানোসহ পাকিস্তান সীমান্তে ড্রোন বিমান হামলা জোরদারের পরিকল্পনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১১ ঘ.
bdnews24