ম্যানিলা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের পর মঙ্গলবার ভিয়েতনামে শক্তিশালী টাইফুন কেটসানায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে। নিখোঁজ রয়েছে ১০ জন। বন্যার পানিতে তলিয়ে গেছে উপকূলীয় শহর ও গ্রামগুলো। ভিয়েতনামে এ টাইফুন তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ।
ভিয়েতনামের কুয়াং নাম প্রদেশে বুধবার নদীর পানি আরও বাড়তে পারে বলে আবহাওয়ার খবরে পূর্বভাস দেওয়া হয়েছে। টাইফুন আঘাত হেনেছে ভিয়েতনামের কফি উৎপাদনকারী প্রধান প্রদেশ দাকলাকে।
কুয়াং নামের হোই আন নগরীতে বন্যার পানিতে কয়েকটি পুরোনো বাড়ি তলিয়ে গেছে। সেখানে লোকজনকে নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে। এক অধিবাসীর উক্তি, "এখানে অতীতেও বন্যা, ঝড় হয়েছে। কিন্তু এবার ঝড় ও বন্যা দুটোই একসঙ্গে হয়েছে।
এর আগে ফিলিপাইনে টাইফুন কেটসানায় নিহতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়ায় ২৪৬ জনে।
কেটসানার প্রভাবে ফিলিপাইনে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার ৮০ শতাংশ অঞ্চল প্লাবিত হয়ে ১৫ মিলিয়ন লোক পানিবন্দি হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরমিাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার। এছাড়া, বন্যায় প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পৌনে চারলাখ লোক নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে।
ওদিকে, ভিয়েতনামে কেটসানার তান্ডবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও টেলি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়াসহ বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম জাতীয় এয়ারলাইনের সব ফ্লাইট এবং স্কুলগুলোও। ৭ টি উপকূলীয় ও কেন্দ্রীয় প্রদেশ মিলিয়ে নিহত হয়েছে অন্ততপক্ষে ৩২ জন। ভিটিভি একথা জানিয়েছে।
ভিয়েতনামের কুয়াং নাই প্রদেশের পিপলস কমিটির ডেপুটি চেয়ারম্যান ট্রং নক নি রাষ্ট্র পরিচালিত টিভিতে এই টাইফুনকে ভিয়েতনামে তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৬ ঘ.
bdnews24