২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের 'ভুলের' পুনরাবৃত্তি না করার হুঁশিয়ারি ইরানের

জেনেভা আলোচনায় পরমাণু অধিকার নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে ইরান মঙ্গলবার পশ্চিমাদেরকে ' অতীত ভুলের' পুনরাবৃত্তি না করার হুঁশিয়ারি দিয়েছে। ভুলের পুনরাবৃত্তি হলে আইএইএ'র সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছে ইরান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

তেহরান, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জেনেভা আলোচনায় পরমাণু অধিকার নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে ইরান মঙ্গলবার পশ্চিমাদেরকে ' অতীত ভুলের' পুনরাবৃত্তি না করার হুঁশিয়ারি দিয়েছে। ভুলের পুনরাবৃত্তি হলে আইএইএ'র সঙ্গে সহযোগিতা আরও কমিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছে ইরান। ইরানের এক এমপি বলেছেন, "বিশ্বশক্তিগুলোর সঙ্গে বৃহস্পতিবারের জেনেভা আলোচনা ব্যর্থ হলে এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিরা (ইসরায়েল) ইরানের ওপর চাপ (অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ এ ধরনের নীতি) বহাল রাখলে তেহরান পার্লামেন্ট পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার পক্ষে সরব হতে পারে।" ওদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান সন্দেহ দূর করতে ব্যর্থ হলে তেহরানকে নিষেধাজ্ঞার কামড় সহ্য করতে হবে বলে আগেই শাসিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের এই পরস্পরবিরোধী অবস্থানের কারণে জেনেভার বৈঠকে ইতিবাচক ফললাভের আশা ক্ষীণ হয়ে পড়েছে। ওই বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য রাষ্ট্র ও জার্মানির সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিযার সোলানা সুইডেনে সাংবাদিকদের বলেছেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালনা করছে--- তেহরানের কাছ থেকে আমরা এই গ্যারান্টি পেতে সক্ষম হব বলেই আশা করছি। কিন্তু ইরান জেনেভা বৈঠকে তাদের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরমাণু অধিকারের পর্যায়ে পড়ে দাবি করে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যেই অস্বীকৃতি জানিয়েছে। ইরানের ইরনা বার্তা সংস্থা রক্ষণশীল এমপি মোহাম্মদ কারামিরাদ এর উদ্ধৃতি দিয়ে বলেছে, ইরান জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সঙ্গে সহযোগিতার দ্বার পুরোপুরি বন্ধ করে দিতে পারে। কারামিরাদ বলেন, "ইহুদি ও আমেরিকানরা ইরানের ওপর চাপ বহাল রাখলে এবং আলোচনা উপসংহারে না পৌঁছলে পার্লামেন্ট এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে স্পষ্টতই অটল অবস্থান নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫১ ঘ.