কান্দাহার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের কান্দাহারে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাস বিধ্বস্ত হয়ে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৯ জন। নিহতদের মধ্যে ১০ জন শিশু ও ১৭ জন নারী রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
কান্দাহার প্রদেশের গভর্নর এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করেছেন।
প্রাথমিক খবরে বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন প্রাদেশিক সরকারের মুখপাত্র জালমে আইয়ুবি। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ জনে।
আইয়ুবি জানান, একটি মহাসড়কে বোমা বিস্ফারণ ঘটে। একদিন আগে এই সড়কেই আরেকটি বোমা বিস্ফোরণে তিন আফগান নিহত হয়েছে। রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণের জন্য আইয়ুবি তালেবানদের দায়ী করেন।
এ ব্যাপারে তালেবানদের কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পায়নি রয়টার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৯ ঘ.
bdnews24