লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মৃত্যুর পর আবারও ভক্তদের নাচাচ্ছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে তৈরি 'দিস ইজ ইট' ছবি মুক্তির পাওয়ার আগেই টিকেট বিক্রি রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার একথা জানিয়েছে চলচ্চিত্র নির্মাণকারী স্টুডিও সনি পিকচার্স।
জ্যাকসনের লন্ডন কনসার্ট উপলক্ষে মহড়ার ভিডিও ফুটেজ থেকেই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। জ্যাকসনের মৃত্যুর কয়েক সপ্তাহ আগে এই ফুটেজ নেওয়া হয়।
চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। তবে রোববার থেকেই আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং জ্যাকসন ভক্তরা হুড়োহুড়ি করে টিকেট কিনছেন।
সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট জানায়, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, হিউস্টন, এবং নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বহু শহরে প্রচুর টিকেট বিক্রি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম দিনেই প্রায় এক লাখেরও বেশি ডলারের টিকেট বিক্রির রেকর্ড গড়েছে জাপান। সনি পিকচার্স একথা জানিয়েছে।
লন্ডনে প্রথম দিনেই 'দিস ইজ ইট' ভক্তরা কিনেছে ৩০ হাজারেরও বেশি টিকেট। যা ব্রিটেনে 'হ্যারি পটার' কিংবা 'লর্ড অব দ্য রিং'য়ের মতো জনপ্রিয় চলচ্চিত্রের টিকেট বিক্রিকেও হার মানিয়েছে।
হল্যান্ড, সুইডেন, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডেও রেকর্ড সংখ্যক টিকেট বিক্রি হয়েছে।
অনলাইনেও টিকেট বিক্রির হিড়িক পড়েছে। জ্যাকসন ভক্তদের প্যারিস, ব্যাংকক এবং মিউনিখে দীর্ঘ লাইন দিয়ে টিকেট কিনতে দেখা গেছে বলে জানিয়েছে সনি পিকচার্স।
২৫ জুনে মারা যাওয়া মাইকেল জ্যাকসনকে নিয়ে ছবি নির্মাণের জন্য সনি পিকচার্স ৬০ মিলিয়ন ডলার দিয়ে লন্ডন কনসার্ট মহড়ার ফুটেজ কিনেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০২ ঘ.
bdnews24