নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে পাইলট ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাষ্ট্রীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়া। প্রায় ২৫০ পাইলট কাজে যোগ না দেওয়ায় বাতিল হয়ে গেছে এক-চতুর্থাংশ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। বন্ধ করা হচ্ছে আরও ফ্লাইটের বুকিং। লোকসানের মুখে থাকা এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের বোনাস কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে পাইলটরা ২৬ সেপ্টেম্বর থেকে ধর্মঘট করছে। এয়ারলাইনের মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।
ভারতে জেট এয়ারওয়েজের পাইলট ধর্মঘটের পরপরই শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার এ পাইলট ধর্মঘট। অসংখ্য ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় বিমানবন্দরে আটকা পড়েছে শত শত যাত্রী।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিতেন্দর ভার্জাভা বলেছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং পাইলটদের মধ্যে আলোচনা চলছে। কিন্তু পূর্বসতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এয়ার ইন্ডিয়া আগামী ১৫ দিন পর্যন্ত কিছু কিছু ফ্লাইটের বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
জিতেন্দর বলেন, "আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি। তবে আমরা নির্দিষ্ট কিছু ফ্লাইটের বুকিং দেওয়া বন্ধ রেখেছি।"
ধর্মঘট শুরুর পর থেকে নির্ধারিত ২০০ ফ্লাইটের মধ্যে প্রতিদিন প্রায় ৪০ টি করে ফ্লাইট বাতিল হচ্ছে বলে জানান তিনি।
এ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে আছে নিউ ইয়র্ক, লন্ডন, শিকাগো এবং সিঙ্গাপুরসহ অভ্যন্তরীন আরও বেশ কয়েকটি ফ্লাইট।
খরচ কমাতে কর্মচারীদের বোনাস প্রায় ৫০ শতাংশ হ্রাস করার এয়ার ইন্ডিয়ার পরিকল্পনার প্রতিবাদে এ ধর্মঘট করছে পাইলটরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24