ভিয়েনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান খুব শিগগিরি জাতিসংঘ আনবিক শক্তি সংস্থা (আইএইএ) কে তাদের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শন করতে দেওয়ার দিনক্ষণ জানাবে। ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধানের উদ্ধৃতি দিয়ে প্রেস টিভি একথা জানিয়েছে।
প্রেস টিভি জানায় ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান আলি আকবর সালেহি সোমবার ওই মন্তব্য করেছেন। ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের তিনদিন আগে সালেহি একথা বললেন।
ইরান গত সপ্তাহে তেহরানের দক্ষিণে ২য় আরেকটি পরমাণু প্ল্যান্ট তৈরির কথা বলার পর বৃহস্পতিবার জেনেভায় জরুরি ভিত্তিতে ওই বৈঠক আয়োজনের প্রয়াজনীয়তা দেখা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে তার পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ দূর করার আহ্বান জানিয়েছেন এবং হোয়াইট হাউসের মুখপাত্র সোমবার নতুন ওই স্থাপনায় অবিলম্বে প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নতুন পরমাণু স্থাপনা নিয়ে পশ্চিমাদের নিন্দা ইরান প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এটি বৈধ এবং আইএইএ'র তদন্তের জন্য এটি উন্মুক্ত রাখা হয়েছে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, সালেহি বলেছেন, আইএইএ'র বিধিমালার আওতায় নতুন প্ল্যান্টটি তৈরির কাজ চলছে। এই স্থাপনার সুরক্ষায় ইরান সব ধরনের পূর্বপ্রস্তুতি নিয়েছে।
সালেহির সঙ্গে সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে প্রেস টিভি আরও জানায়, ইরান খুব শিগগিরি আইএইএ কে নতুন প্ল্যান্ট পরিদর্শনের দিনক্ষণ জানাবে।
প্রেস টিভি তাদের ওয়েবসাইটে বলেছে,সালেহি বলেছেন, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানি এবং আইএইএ'র সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত দুভাবেই পরমাণু কর্মসূচি ইস্যুটি সমাধানের চেষ্টা চালাবে।
আইএইএ তে ইরানের দূত আলি আসগর সোলতানিয়েহ সোমবার বিবিসিকে বলেছেন, আইএইএ'র পরিদর্শকদের সঙ্গে তার একাধিক বৈঠক হয়েছে এবং এ সমস্ত বৈঠকে তাদেরকে খুব শিগগিরি নতুন পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেওয়ার ব্যাপারে মতৈক্য হয়েছে। তবে এর কোনও দিনক্ষণ ঠিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৬ ঘ.
bdnews24