ম্যানিলা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে টাইফুন কেটসানায় নিহতের সংখ্যা মঙ্গলবার বেড়ে দাঁড়িয়েছে ২৪৬ জনে। আরও একটি ঝড়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরে নতুন ঝড় দেখা দিচ্ছে এবং বৃহস্পতিবার নাগাদ ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজোন দ্বীপে আঘাত হানতে পারে। শনিবারের টাইফুন কেটসানার মতোই ভয়াবহ আরেকটি ঝড় হবে এটি।
টাইফুন কেটসানার প্রভাবে গত এক মাসেরও বেশি সময় ধরে ফিলিপাইনে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী ম্যানিলার ৮০ শতাংশ অঞ্চল প্লাবিত হয়ে ১৫ মিলিয়ন লোক পানিবন্দি হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরমিাণ প্রায় ৫০ মিলিয়ন ডলার। এছাড়া, বন্যায় প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পৌনে চারলাখ লোক নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠেছে।
দ্বীপ দেশ ফিলিপাইনের বিচ্ছিন্ন অঞ্চলগুলো থেকে নিহতের সংখ্যা জানিয়ে প্রতিবেদন পাওয়া গেলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টাইফুন কেটসানা ম্যানিলা ছাড়া আরও ১২ প্রদেশে আঘাত হেনেছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী গিলবার্ট তিওদোরো বলেন, "হতাহতের সংখ্যা আর খুব বেশি বাড়বে বলে মনে হয় না। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে।"
ফিলিপাইনের পর মঙ্গলবার ভিয়েতনামে আঘাত হানতে পারে টাইফুন কেটসানা। ভিয়েতনামে ঝড়ের আশঙ্কায় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ১৭০,০০০ লোককে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩০৭ ঘ.
bdnews24