ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি মিয়ানমারে আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে আলোচনা আহ্বান করেছেন। তার পার্টি সোমবার একথা জানিয়েছেন।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)'র ইস্যুকৃত একটি বিবৃতিতে বলা হয়েছে, সু চি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত এবং মিশন প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
সু চি বলেন, "মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কার্যকরভাবে কাজ করার জন্য আমরা বোঝা দরকার আরোপিত নিষেধাজ্ঞায় দেশ কতটা ভুক্তভোগী হয়েছে...... আর যে সমস্ত দেশ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মনোভাবটাই বা কেমন।"
মিয়ানমারের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা শুরুর পরিকল্পনায় সু চির সমর্থন এবং দেশে আরোপিত নিষেধাজ্ঞার অবসান ঘটানোর সামরিক জান্তার চেষ্টায় সহায়তার প্রস্তাব দেওয়ার পর পশ্চিমাদের সঙ্গে আলোচনার এই অনুরোধ এল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত সপ্তাহে বলেছেন, ওয়াশিংটন মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের সঙ্গে আলোচনা চায়। তবে তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনও প্রতিশ্র"তি দেননি। যদিও নিষেধাজ্ঞা কোনও ফল বয়ে আনেনি বলে স্বীকার করেছেন তিনি।
বিশ্লেষকরা সংলাপের পদক্ষেপকে দুই দেশের জন্যই এক ধাপ অগ্রগামী পদক্ষেপ বললেও এতে করে অপরপক্ষ গুরুত্বপূর্ণ কোনও ছাড় দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করার অনুমতি চেয়ে গত শুক্রবার জান্তা নেতা থান শয়ের কাছে লেখা একটি চিঠি সই করেছেন সু চি। তবে এর জবাব এখনও দেননি থান শ।
১৯৮৮ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভ সহিংসপন্থায় দমন করার জন্য মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে ইইউ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০০৭ সালে মিয়ানমার বৌদ্ধ ভিক্ষু বিক্ষোভ কঠোরভাবে দমন করায় ওই নিষেধাজ্ঞা আরও কঠোর করে ইইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ ঘ.
bdnews24