বার্লিন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানিতে রোববার জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে ভোটাররা। এতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ২য় মেয়াদে ক্ষমতায় আসার সম্ভাবনা থাকলেও মধ্য-ডান সরকার গড়তে না পারার ঝুঁকির মুখে রয়েছেন তিনি।
জার্মানির অর্থনীতি পুনরুদ্ধারে লিবারেল ফ্রি ডেমোক্র্যাটদের (এফডিপি) সঙ্গে জোট গড়তে প্রয়োজনীয় জনসমর্থন প্রয়োজন ম্যার্কেলের।
প্রতিপক্ষ স্যোশাল ডেমোক্র্যাট পার্টির (এসপিডি) সঙ্গে 'গ্র্যান্ড কোয়ালিশন' নিয়ে ক্ষমতার চার বছরে ব্যক্তিগতভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন ম্যার্কেল। জনমত জরিপগুলোতেও ম্যার্কেলের কনজারভেটিভরা প্রতিপক্ষের চেয়ে ৮-১১ পয়েন্টে এগিয়ে থেকেছে।
কিন্তু ম্যার্কেলের সতর্ক নির্বাচনী প্রচারাভিযান সারবস্তুহীন এবং নিরাবেগ বলে সমালোচিত হয়েছে। এতে করে নির্বাচনের শেষ সপ্তাহে ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের (সিডিইউ) জনসমর্থন কমে এসেছে। ফলে ম্যার্কেল তার কাঙ্খিত এফডিপি'কে নিয়ে জোট গড়তে পারবেন তেমন নিশ্চয়তা নেই।
এফডিপিকে নিয়ে জোট গড়তে ব্যর্থ হলে ম্যার্কেলকে আবারও অস্বস্তিকর ডান-বাম কোয়ালিশন সরকার পরিচালনায় বাধ্য হতে হবে। যেমনটি ২০০৫ সালের নির্বাচনের পর তিনি করে এসেছেন। এতে করে ক্ষতিগ্রস্ত হবে তার অর্থনৈতিক পরিকল্পনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24