ভেনেজুয়েলা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমাদের অর্থনৈতিক আধিপত্যের পাল্টা একটি নতুন বিশ্বব্যবস্থা গড়তে শনিবার আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার নেতাদের একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এবং লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং পিটসবার্গে জি-২০ সম্মেলন থেকে ফিরে দুই নেতা বলেন, এই সম্মেলন দরিদ্র দেশগুলোকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীল করতে সহায়ক হবে।
শ্যাভেজ বলেন, "একবিংশ শতাব্দী একমেরু কিংবা দ্বিমেরু বিশ্বের যুগ হবে না। হবে বহুমেরু বিশ্ব। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা হবে ভৌগলিক, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি মেরু।"
ভেনেজুয়েলা সফরে যাওয়া গাদ্দাফিও শ্যাভেজের সঙ্গে এক সুরে বলেন, "বিশ্ব কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ দেশ নয়। বিশ্বের শক্তিধর দেশগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে চায়। আমাদেরকে সাহায্য করার সুযোগে তারা আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করে, আমাদের ভূমি ধ্বংস করে। এখন আমাদেরকে আমাদের নিজেদের শক্তি গড়ার জন্য লড়তে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24