২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন রোধের চ্যালেঞ্জ নিয়ে জলবায়ু সম্মেলন সমাপ্ত

জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনায় গতি সঞ্চারের জন্য সচেষ্ট বিশ্বনেতাদের মঙ্গলবারের সম্মেলনে চীন ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের একটি পরিকল্পনা ঘোষণা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের উষ্ণায়ন রোধের লড়াইয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনায় গতি সঞ্চারের জন্য সচেষ্ট বিশ্বনেতাদের মঙ্গলবারের সম্মেলনে চীন ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের একটি পরিকল্পনা ঘোষণা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের উষ্ণায়ন রোধের লড়াইয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কোপেনহেগেনে বিশ্বের এ যাবৎকালের মধ্যে একটি শক্ত চুক্তি সম্পাদনের জন্য হাতে তিন মাসের কম সময় থাকার পর্যায়ে জাতিসংঘ এই সম্মেলন আহ্বান করে। বিশ্বসংস্থাটির মহাসচিব বান কি মুন সম্মেলনে নেতাদের আলোচনায় বাড়তি গতি সঞ্চারের আহ্বান জানান। সম্মেলনের সমাপনী বক্তৃতায় বান বলেন, "আমরা বিশ্ব চুক্তিতে উপনীত হতে পারব- এই সম্মেলন তার নিশ্চয়তা না হলেও আমরা যে আজ লক্ষ্যের এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি তা নিশ্চিত।" ডিসেম্বরে কোপেনহেগেনে ১৯০টি দেশের মধ্যে সরকারিপর্যায়ে আলোচনার আগে অনুষ্ঠিত একদিনের এই সম্মেলনে বিশ্বের প্রায় ১০০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান যোগ দেন। কিয়োটো চুক্তির প্রতিস্থাপন হিসেবে একটি নতুন চুক্তি করার চেষ্টা হবে কোপেনহেগেনে। ২০১২ সালের মধ্যে কিয়োটো চুক্তির প্রথম ধাপ শেষ হয়ে যাবে। বিশ্লেষকরা এবং পরিবেশবাদী 'সবুজ' সংগঠনগুলো সতকর্তার সঙ্গে চীন ও জাপানের প্রশংসা করলেও ওবামার ভাষণকে 'অনেকবেশি কথার ফুলঝুড়ি কিন্তু নির্দিষ্ট অঙ্গীকার শূন্য' বলে সমালোচনা করেছেন। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও তার ভাষণে নবায়নযোগ্য ও পরমাণু জ্বালানির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা, ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধির তুলনায় গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর দিকে বেশি জোর দেওয়ার অঙ্গীকারসহ তার দেশের নতুন পরিকল্পনা হাজির করেন। হু বলেন, "আমরা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রতি ইউনিটের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের নির্গমনের হার ২০২০ সালের মধ্যে ২০০৫ সালের মাত্রা থেকে উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনব।" আন্তর্জাতিক সমালোচনার মুখে এবারই প্রথম চীন কার্বন কমানোর ক্ষেত্রে একটি মাত্রার উল্লেখ করল। বিশেষ করে যুক্তরাষ্ট বলে আসছিল, জলবায়ু পরিবর্তন কমানোর লড়াইয়ে চীন বেশি কিছু করছে না। হু অবশ্য মাত্রার বিস্তারিত পরিমাণ উল্লেখ করেননি। সম্মেলনে জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোয়ামা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি সাহায্য দেওয়ার অঙ্গীকার এবং ২০২০ সালের মধ্যে তার দেশের গ্রিনহাউজ নির্গমন ১৯৯০ সালের পর্যায় থেকে ২৫ শতাংশ কমানোর লক্ষ্য পুনরায় ব্যক্ত করে বেশ করতালি পান। জলবায়ু পরিবর্তনসংক্রান্ত সাহায্য সমন্বয় করার জন্য একটি রূপরেখা গঠনেরও প্রস্তাব দেন হাতোয়ামা। তবে তিনিও বলেননি, তার দেশ কী পরিমাণ অর্থ সাহায্য বা কী ধরনের প্রযুক্তিগত সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বের উষ্ণায়ন রোধের লড়াইয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তবে জলবায়ু সংক্রান্ত চুক্তির আলোচনায় গতি আনতে তিনি নতুন কোনো প্রস্তাব দেননি। ওবামা বলেন, এই সমস্যার সমাধানের জন্য সময় দ্রুত শেষ হয়ে আসছে। "আমাদের প্রজন্ম এই সমস্যার চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলার করল তা ইতিহাস বিচার করবে। আমরা সাহস, দ্রুততা ও একসঙ্গে তা মোকাবেলা করতে ব্যর্থ হলে ভবিষ্যত প্রজন্মকে শোধরানোর অযোগ্য এক দুর্যোগের মধ্যে ফেলে দেবো।" "এই স্রোতকে বিপরীতমুখী করার সময় আমাদের শেষ হয়ে আসছে।" সম্মেলনের আহ্বানকারী জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন, কোপেনহেগেনে একটি চুক্তিতে উপনীত হওয়ার লক্ষ্যে আলোচনা খুব মন্থর গতিতে এগোচ্ছে। "কোপেনহেগেনে একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছাতে না পারা নৈতিক দিক থেকে অগ্রহণযোগ্য, অর্থনৈতিকভাবে খর্বদর্শিতা এবং রাজনৈতিকভাবে প্রজ্ঞাহীনতার পরিচায়ক হবে।" বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৩১ ঘ.