ওয়াশিংটনে, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জা মহামারী প্রতিরোধে শিশুদের দুই ডোজ টিকা দিতে হবে। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা বলেছেন।
কর্মকর্তারা বলেছেন, 'স্যানোফি-প্যাস্টিউর' এর তৈরি সোয়াইন ফ্লুর টিকা পরীক্ষায় দেখা দেছে, শিশুদের শরীর এতে সাধারণ ফ্লুর টিকা প্রয়োগের মতোই সাড়া দেয়। ১০ বছরের ওপরের শিশুদের একটি টিকা দিলেই হয় কিন্তু নয় বছরের নিচের শিশুদের দুই ডোজ টিকার দরকার হয়।
যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ইনস্টিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিস' এর পরিচালক ড. অ্যান্টোনি ফউচি বলেছেন, কমবয়েসি শিশুদের ২১ দিনের ব্যবধানে দুই ডোজ টিকা দিতে হবে। তবে তিনি এও বলেন, তাদের একই দিনে সিজনাল ফ্লু ও এইচ১এন১ ফ্লুর টিকা দেওয়া যেতে পারে। শিশুদের বেশ কয়েকবার টিকা দেওয়ার বিড়ম্বনা থেকে রেহাই পাওয়ার জন্যই হয়তো একথা বলেছেন তিনি।
টেলিফোন সাংবাদিকদের ব্রিফিংয়ে ফউচি বলেন, "আমরা আশা করছি, ২০০৯ সালের এইচ১এন১ টিকা সিজনাল টিকার মতোই কাজ করবে।"
তিনি আরও বলেন, ১০ থেকে ১৭ বছরের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাড়া দেওয়ায় তারা ৮ থেকে ১০ দিনের মধ্যেই ভালো হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের 'সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন' জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সোয়াইন ফ্লুতে ৪৬টি শিশুর মৃত্যু হয়েছে।
গত মার্চে মেক্সিকোতে এই ফ্লু প্রথম দেখা দেওয়ার পর সারা বিশ্বে ছড়িয়ে মাত্র ৬ সপ্তাহের মধ্যে মহামারীর আকার নিয়েছে। ভাইরাসটি শনাক্ত হওয়ার পরপরই মার্কিন সরকার ও কোম্পানিগুলো টিকা তৈরিতে নেমে পড়ে এবং আগস্ট থেকে এর নিরাপদ কার্যকারিতা ও মাত্রা নির্ধারণের পরীক্ষা শুরু হয়।
বর্তমানে বিশ্বব্যাপী ২৫টি কোম্পানি এইচ১এন১ এর টিকা তৈরি করছে।
যুক্তরাষ্ট্র ১৯৫ মিলিয়ন ডোজ টিকার আদেশ দিয়েছে পাঁচটি কোম্পানিকে। এরা হল- গ্লাক্সোস্মিথক্লাইন, স্যানোফি, অস্ট্রেলিয়াস সিএসএল, মেডলমুন ও নোভার্টিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৭ ঘ.
bdnews24