ওয়াশিংটন/কাবুল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানবিরোধী পরিবর্তিত কৌশলকে এগিয়ে নিতে আরও সেনা পাঠানো না হলে যুদ্ধে পরাজয় ঘটবে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোবাহিনীর কমান্ডার এক গোপন মূল্যায়নপত্রে একথা বলেছেন।
আরও সেনা পাঠানোর ব্যাপারে মার্কিন দেশে ডেমোক্রেটদের বিরোধিতার মুখে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে।
গত মাসে মূল্যায়নপত্রটি ওয়াশিংটনে পাঠানে হয়। বিষয়টি ফাঁস হয়ে যায় সোমবার।
মার্কিন কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের ওই মূল্যায়নপত্রে 'নতুন কৌশল' অবলম্বন করে আফগানিস্তানের জনগণকে তালেবানবিরোধী লড়াইয়ে সম্পৃক্ত করার ওপরও জোর দেওয়া হয়েছে।
৬৬ পৃষ্ঠার এই গোপন মূল্যায়নপত্রটির একটি কপি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকা কর্তৃপক্ষের হস্তগত হয়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারের অনুরোধে এর কিছু অংশ কাটছাঁট করে ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কাবুলে জেনারেল ম্যাকক্রিস্টালের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন ওয়াশিংটন পোস্ট'র পাওয়া কপিটি খাঁটি।
জেনারেল ম্যাকক্রিস্টাল মূল্যায়নপত্রে লিখেছেন, "সম্পদ এই যুদ্ধে আমাদের জেতাবে না। তবে অপর্যাপ্ত সম্পদের কারণে লড়াই ব্যর্থ হয়ে যেতে পারে।"
যথেষ্ট সম্পদ সরবরাহ করা না হলে দীর্ঘস্থায়ী সংঘাত, প্রাণহানি, যুদ্ধের সার্বিক ব্যয় এবং শেষ পর্যন্ত রাজনৈতিক সমর্থন হারানোর ঝুঁকি তৈরি হবে। এর যে কোনো একটি ঝুঁকি তালেবানবিরোধী মিশনে ব্যর্থতা ডেকে আনতে পারে।"
জেনারেল ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোভুক্ত পশ্চিমা দেশের এক লাখেরও বেশি সেনা নিয়ে গঠিত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের সেনা।
ইতোমধ্যে জেনারেল ম্যাকক্রিস্টাল আরও কি পরিমাণ সেনা তার দরকার সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করেছেন। তবে সেটা এখনও মার্কিটন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগনে পাঠানো হয়নি। পেন্টাগন বলেছে, ম্যাকক্রিস্টাল কিভাবে প্রস্তাবটি দেবে সেটা নিয়ে আলোচনা চলছে।
সা
bdnews24