২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লির সঙ্গে আলোচনা পুনরুজ্জীবিত করতে চায় হুরিয়াত

কাশ্মীরের সর্বদলীয় হুরিয়াত (মুক্তি) সম্মেলন ওই অঞ্চলের বহুদশকের পুরনো সমস্যার একটি সমাধান বের করতে ভারত সরকারের সঙ্গে শান্তি আলেচনা পুনরুজ্জীবিত করতে আগ্রহী। কয়েকটি রাজনৈতিক দলের এই মোর্চাটির চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 09:50 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

শ্রীনগর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরের সর্বদলীয় হুরিয়াত (মুক্তি) সম্মেলন ওই অঞ্চলের বহুদশকের পুরনো সমস্যার একটি সমাধান বের করতে ভারত সরকারের সঙ্গে শান্তি আলেচনা পুনরুজ্জীবিত করতে আগ্রহী। কয়েকটি রাজনৈতিক দলের এই মোর্চাটির চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক শনিবার একথা বলেছেন। ফারুক বলেছেন, শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে তিনি একইসঙ্গে পাকিস্তানের সঙ্গেও সংলাপ শুরু করার ব্যাপারে আশাবাদী। কাশ্মীর সমস্যার সমাধানটি কী হবে তা এখন পর্যন্ত নির্ধারণ হয়নি। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অঞ্চলের জন্য আরও স্বায়ত্তশাসন একটি সমাধান হতে পারে। কাশ্মীর নিয়ে দু'বার যুদ্ধ করা ভারত ও পাকিস্তান উভয়েই পুরো অঞ্চলটি নিজের বলে দাবি করে আসছে। এর খণ্ডিত দুই ভাগ দুই দেশ শাসন করছে। কাশ্মীরের বিখ্যাত ডাল লেকের পাশে নিজ বাসভবনে বসে ৩৭ বছর বয়সী ফারুক রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "নয়াদিল্লির সঙ্গে সংলাপ পুনরায় শুরু করতে এবং ইসলমাবাদের সঙ্গে সংলাপের সূচনা করতে হুরিয়াত খুবই আন্তরিক ও আগ্রহী।" তিনি বলে, "সামরিক ব্যবস্থা, শক্তির ব্যবহার, দমননিপীড়ন ব্যর্থ হয়েছে। আমি এখন আশাবাদী, ভারত কাশ্মীর সমস্যার সমাধান বের করার ক্রমবর্ধমান আকাক্সক্ষাটি উপলব্ধি করতে সক্ষম হয়েছে।" ১৯৮৯ সালে স্বাধীনতার দাবিতে বিদ্রোহ শুরু হওয়ার পর হুরিয়াত ২০০৪ সালে প্রথম নয়াদিল্লির সঙ্গে আলোচনা শুরু করে। বিদ্রোহ শুরু হওয়ার পর কাশ্মীরে ৪৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দু'পক্ষের সর্বশেষ আলোচনাটি অনুষ্ঠিত হয় ২০০৬ সালের মে মাসে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং হুরিয়াত সমস্যার সমাধান বের করতে আলোচনা চালিয়ে যেতে রাজি হন। ফারুক বলেন, "আমি আশাবাদী আলোচনার প্রক্রিয়া আবার শুরু হবে, এবং ভারত বন্দিদের মুক্তি দিলে, কালো আইন প্রত্যাহার, এবং পর্যায়ক্রমে সেনা প্রত্যাহার করে নিলে দ্রুত ফল পাওয়া যাবে।" কর্মকর্তারা বলেছেন, কাশ্মীরে প্রায় ৩ হাজার রাজনৈতিক বন্দি রয়েছে এবং মুসলিম জঙ্গিদের সঙ্গে লড়তে ভারতের একমাত্র মুসলিম রাজ্যটিতে প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৪১ ঘ.