ইসলামাবাদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান শনিবার বলেছে, লস্কর-ই-তৈয়্যবা'র প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদের ব্যাপারে তারা তদন্ত করছে, তবে যথেষ্ট তথ্যপ্রমাণ পেলেই কেবল তাকে গ্রেপ্তার করা হবে। সাঈদকে গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে ভারত তাকে গ্রেপ্তার ও বিচার করার দাবি করে আসছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ইসলামাবাদের সাংবাদিকদের বলেন, "হাফিজ সাঈদের ব্যাপারে তদন্ত চলছে।"
শুক্রবার পাকিস্তানের পুলিশ তাকে গ্রেপ্তার করা হবে বলে ইঙ্গিত দিয়েছিল। ফয়সালাবাদ শহরের পুলিশ চলতি সপ্তাহে সাঈদের বিরুদ্ধে গত মাসে জিহাদের দাওয়াত এবং তার দাতব্য সংস্থা জামাত-উদ-দাওয়া'র জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে অনুসারীদের প্রতি বক্তৃতা দেওয়ার দুটি অভিযোগ দায়ের করে।
শুক্রবার ফয়সালাবাদ পুলিশের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইরফান বলেন, আমরা খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করার আশা করছি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম শুক্রবার বলেন, সাঈদকে অন্য অভিযোগে গ্রেপতার করা হলেও "গুরুত্বপূর্ণ অগ্রগতি" হয়েছে বলে ধরে নেব। পাকিস্তান তাকে মুম্বাই হামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, "আমি আমার ভারতীয় প্রতিপক্ষকে (চিদাম্বারাম) আশ্বস্ত করছি, তদন্তে তার বিরুদ্ধে যথার্থ প্রমাণ পেলে অবশ্যই সে আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।"
নিউ ইয়র্কে এই মাসেই পরমাণু শক্তিধর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের ঠিক আগে সাঈদের বিরুদ্ধে নতুন অভিযোগ এনে তদন্তে নেমেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আলোচনা পুনরায় শুরুর আগে সাঈদকে গ্রেপ্তারের দাবি জানায় ভারত।
সাঈদের একজন মুখপাত্র বলেন, সাঈদ বর্তমানে লাহোরে আছেন। ভারতের চাপের মুখে প্রশাসন কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
২০০৪ সালে ভারত-পাকিস্তান শান্তি প্রক্রিয়া শুরু হয়। মুম্বাই বোমা হামলার পর এতে পাকিস্তানি জঙ্গি সংগঠন জড়িত থাকার অভিযোগ দেখিয়ে সেই প্রক্রিয়া ভেঙে দেয় ভারত। ওই বোমা হামলায় ১৬৬ জন নিহত হয়।
শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার ব্যাপারে আগ্রহী পাকিস্তান মুম্বাই বোমা হামলার আংশিক পরিকল্পনা নিজেদের মাটিতে হয়েছে বলে স্বীকার করে নেয় এবং পাঁচ অভিযুক্তের বিচারকাজও শুরু করে।
স
bdnews24