২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়নের নিদর্শন: ওবামাকে দেওয়া হবে এভারেস্ট খণ্ড

নেপালের শেরপারা হিমালয় পর্বতমালায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবের কথা জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এভারেস্ট পর্বতচূড়ার একটি শিলাখণ্ড পাঠাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

কাঠমান্ডু, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের শেরপারা হিমালয় পর্বতমালায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবের কথা জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এভারেস্ট পর্বতচূড়ার একটি শিলাখণ্ড পাঠাচ্ছে। পরিবেশবাদী গ্র"প ডব্লিউডব্লিউএফ জানিয়েছে, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের বৈঠকের সময় নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এভারেস্টের এই স্মারক ওবামার হাতে তুলে দিতে রাজি হয়েছেন। বিশ্ব নেতারা জলবায়ুর পরিবর্তন নিয়েও আলোচনা করবেন। শিলাখণ্ডটি এভারেস্টের ৮,৮৫০ মিটার (২৯,০৩৫) চূড়া থেকে সংগ্রহ করেছেন আপা শেরপা, যিনি গত মে মাসে ১৯তম বার পৃথিবীর শীর্ষচূড়াটিতে উঠে রেকর্ড গড়েছেন। পর্বতারোহণে দক্ষ শেরপারা প্রধানত বাস করে নেপালের সোলুখুমবু জেলায়। ডব্লিউডব্লিউএফ'র নেপাল শাখা এক বিবৃতিতে আরও জানিয়েছে, নেপালের ২ লাখেরও বেশি তরুণের স্বাক্ষরিত একটি চিঠিও জাতিসংঘের মহাসচিব বান কি বুনের কাছে পাঠনো হচ্ছে। এতে তরুণেরা কোপেনহেগেনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে সামনে রেখে উষ্ণায়ন রোধে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্বসংস্থাটির প্রধানের প্রতি আবেদন জানিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এভারেস্টসহ বিশ্বের ১৪টি শীর্ষ চূড়ার দেশ নেপাল জলবায়ুর পরিবর্তনের কারণে হুমকির সম্মুখীন যদিও দেশটি বিশ্বের মধ্যে সবচেয়ে কম, মাত্র ০.০২৫ শতাংশ ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৩ ঘ.