ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---মার্কিন সামরিক বাহিনীর বিতর্কিত কারাগার গুয়ানতানামো বে থেকে আরও এক কুয়েতি বন্দিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক।
ফুয়াদ আল রাবিয়া নামের এই কুয়েতি ষড়যন্ত্র এবং তালেবান-আল কায়েদাকে অর্থ ও তথ্যসরবরাহের অভিযোগে ৭ বছরেরও বেশি ধরে গুয়ানতানামোতে আটক রয়েছেন। বিচারক কলিন কোলার-কোটেল্লি বৃহস্পতিবার তাকে মুক্তির আদেশ দিয়েছেন।
মার্কিন সরকারের অভিযোগ, কুয়েতি এয়ারলাইনেসর ব্যবস্থাপক আল রাবিয়া আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে অর্থ দিয়েছেন এবং আফগানিস্তানের তোরাবোরা অঞ্চলে তালেবান যোদ্ধাদের সমন্বিত হতে সাহায্য করেছেন।
কিন্তু তার আইনজীবীরা বলেছেন, ভুল করে তাকে ওই মামলায় জড়ানো হয়েছে। তিনি ২০০১ সালে আফগানিস্তানে ইরানি শরণার্থীদের সাহায্য প্রদানের সমন্বয় করছিলেন।
যুক্তরাষ্ট্রের আরেকজন ফেডারেল বিচারক জুলাই মাসের শেষ দিকে আরেক কুয়েতি বন্দি খালেদ আল মুতারিকে ছেড়ে দেওয়ার আদেশ দেন।
দু'জনের আইনজীবীরাই ওবামা প্রশাসনের প্রতি তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৮ ঘ.
bdnews24