২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নূরদিন নিহত: ইন্দোনেশীয়দের সতর্ক থাকার পরামর্শ

এশিয়ার মোস্ট ওয়ান্টে জঙ্গি নেতার মৃত্যু নিয়ে সন্দেহ দূর করতে তার মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফল প্রকাশ করবে ইন্দোনেশিয়া। নূরদিন মোহাম্মদ টপ নামে এই জঙ্গি নেতার মৃত্যুতে তার অনুসারিরা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে জাকার্তা। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 11:50 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়ার মোস্ট ওয়ান্টে জঙ্গি নেতার মৃত্যু নিয়ে সন্দেহ দূর করতে তার মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফল প্রকাশ করবে ইন্দোনেশিয়া। নূরদিন মোহাম্মদ টপ নামে এই জঙ্গি নেতার মৃত্যুতে তার অনুসারিরা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে জাকার্তা। পুলিশ শুক্রবার একথা জানিয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার প্রতি ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়া। পুলিশ জানিয়েছে, মোস্ট ওয়ান্টেড জঙ্গি নূরদিন মোহাম্মদ বৃহস্পতিবার সেন্ট্রাল জাভার সোলোতে এক অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। মালয়েশীয় বংশোদ্ভুত ওই শীর্ষ জঙ্গি আঞ্চলিক জঙ্গি দল জেমাহ ইসলামিয়ার একটি সহিংস ছুট দল গড়ে তুলেছিলেন। জুলাইয়ে জাকার্তায় দুটো বিলাসবহুল হোটেলে বোমা হামলাসহ বালি দ্বীপ এবং জার্কাতায় পশ্চিমাদের ওপর অন্যান্য হামলার হোতা তিনিই ছিলেন বলে ধারণা করা হয়। ইন্দোনেশিয়ার পুলিশের মুখপাত্র নানান সোয়েঙ্কারা বলেছেন, টপের লাশের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে শনিবারের আগে তা প্রকাশ নাও করা হতে পারে। তিনি বলেন, দলের প্রধান নিহত হওয়ায় জঙ্গিদের প্রতিশোধমূলক হামালার ব্যাপারে আমরা সচেতন আছি। সামনে ঈদের ছুটিতে লোকজন বিভিন্ন স্থানে বেড়াতে যাবে বলে হামলার শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে। তিনি বলেন, "আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।" ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ প্রধান বামবাং হেন্ডারসো দানুরিকে আগের দিন নূরুদিনের নিহতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের তিনি বলেন, "হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।" স্থানীয় গণমাধ্যম পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে গত মাসে নুরদিনের মৃত্যুর খবর ফলাও করে প্রচার করে। কিন্তু ফরেনসিক পরীক্ষায় এ খবর ভুল প্রমাণিত হয়। তবে এবার নুরদিনের মৃত্যুর ব্যাপারে পুলিশ নিশ্চিত বলে জানিয়েছে জাকার্তা। কারণ, এবার আঙ্গুলের ছাপ পরীক্ষা করে নূরদিনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন এক সূত্র একথা জানিয়েছে। মুসলিম জঙ্গি বিশেষজ্ঞ সিডনি জোনস বলেছেন, "সত্যি সত্যি নূরদিন নিহত হয়ে থাকলে এটি স্পষ্টতই পুলিশের বড় ধরনের সাফল্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৫ ঘ.