কোহাত, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। একটি রাস্তার ওপর ওই বিস্ফোণে পাশের কয়েকটি দোকান বিধ্বস্ত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে। (আরও তথ্যসহ)
রাজধানী ইসলামাবাদ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাত শহরের প্রধান রাস্তায় আত্মঘাতী হামলাকারী ওই বিস্ফোরণ ঘটায়।
ওই এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত বিচারক ইবন-ই-আলী বলেন, "একটি রেস্তোরাঁ ও বেশ কয়েকটি দোকান বিধ্বস্ত হয়েছে।"
"ঘটনাস্থল থেকে আমার বাড়ি এক কিলোমিটার দূরে। কিন্তু বিস্ফোরণ এত তীব্র ছিল যে মনে হয়েছে আমার পাশের বাড়িতেই তা ঘটেছে।" বলেন তিনি।
ওই অঞ্চলের প্রধান প্রশাসক মেহতাব উল-হাসান জানান, ২৫ থেকে ৩০ জন নিহত হয়েছে।
টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, "আমার পাশেই ২০টি লাশ শোয়ানো রয়েছে।"
বিস্ফোরণের পরপরই স্থানীয় অধিবাসী রাফিল হোসেন টেলিফোনে জানান, "আমরা ১০টি লাশ সরিয়েছি। লাশগুলো সব বিকৃত ও চেনার অযোগ্য।"
তিনি বলেন, "আমি আমার ভাইকে খুঁজছি। আমি জানি না সে মারা গেছে কি না। দোকানগুলোর ধ্বংসস্তুুপের নিচে চাপা পড়ে আছে কিনা তাও জানি না।"
পুলিশের মুখপাত্র ফজল নাঈম জানান, ১৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
আফগান সীমান্তবর্তী পশতুন উপজাতি এলাকার কাছে কোহাত একটি সামরিক ছাউনির শহর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৪ ঘ.
bdnews24