বাগদাদ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের সবচেয়ে বড় বন্দিশিবির 'ক্যাম্প বুকা' বৃহস্পতিবার বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর থেকে এই শিবিরে হাজার হাজার জনকে বন্দি করা হয়। বন্দিদেরকে হয় মুক্তি দেওয়া নয়ত ইরাকি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হচ্ছে।
গত বছর ইরাক সরকারের সঙ্গে ক্যাম্প বুকা বন্ধ করা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। বন্দিশিবিরটিতে ১৪ হাজার বন্দি ছিল। এদের বেশির ভাগই কোনও মামলা ছাড়াই মাসের পর মাস কিংবা বছরের পর বছর শিবিরে আটক ছিল। তাদের কোনও সুযোগ-সুবিধাও ছিল না।
মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার শিবিরটি আনুষ্ঠানিকভাবে বন্ধের আগে ১৮০ বন্দির শেষ দলটিকে বসরা থেকে বাগদাদের অন্য একটি সামরিক কারাগারে নিয়ে যাওয়া হয়।
বুকা শিবির বন্ধ হয়ে গেলেও বাগদাদের আশেপাশের দুটো বন্দিশিবিরে মার্কিন হেফাজতে আছে আরও প্রায় ৮ হাজার ৩ শ বন্দি। ২০০৪ সালে ইরাকে আবু গারিব কারাগারে বন্দি নির্যাতন কেলেঙ্কারির পর ক্যাম্প বুকা চালু করে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৫ ঘ.
bdnews24