কাবুল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে গত মাসের নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পক্ষে ১১ লাখ ভোট নিয়ে বুধবার সন্দেহ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ফিলিপ মোরিল্লন। ভোট জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।
আফগানিস্তান কর্তৃপক্ষের ভোটের প্রাথমিক চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতিলগ্নে ইইউ পর্যবেক্ষক টীম ব্যাপক ভোট জালিয়াতির এ সন্দেহ প্রকাশ করল। নির্বাচনী ফলে প্রথম দফা ভোটে কারজাই যথেষ্ট ভোট পাবেন বলে মনে করা হচ্ছে।
তবে জাতিসংঘ নিয়োজিত ইলেক্টোরাল কপ্লেইন্টস কমিশন ভোট জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে ১০ শতাংশ ভোট পুনর্গণনার যে নির্দেশ দিয়েছে তাতে ভোটের ফল উল্টে যেতে পারে।
ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ফিলিপ মোরিল্লন রয়টার্সকে বলেন, ১৫ লাখ ভোট নিয়ে তদার দলের সংশয় রয়েছে। এর মধ্যে ১১ লাখ কারজাইয়ের পক্ষের ভোট এবং ৩ লাখ ভোট তার প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর।
গত সপ্তাহে দেখা গেছে, ৫ দশমিক ৫৪ মিলিয়ন ভোট গণনায় হামিদ কারজাই ৩০ লাখের সামান্য বেশি, অর্থাৎ, ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24