২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটা অঙ্কের অর্থ কামাচেছ ফেসবুক, ব্যবহারকারী ৩০ কোটি

মোটা অঙ্কের অর্থ কামিয়ে সাইট পরিচালনার খরচ তুলে আনছে 'ফেসবুক'। বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩০ কোটিতে। বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক মঙ্গলবার একথা জানিয়েছে। সাইট পরিচালনা এবং ক্রমবর্ধমান সার্ভিস চালিয়ে যাওয়ার জন্য বিনিয়োগকৃত পুঁজির পুরোটাই এখন তুলে আনছে ফেসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সান ফ্রান্সিসকো, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মোটা অঙ্কের অর্থ কামিয়ে সাইট পরিচালনার খরচ তুলে আনছে 'ফেসবুক'। বিশ্বব্যাপী এর ব্যবহারকারীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৩০ কোটিতে। বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক মঙ্গলবার একথা জানিয়েছে। সাইট পরিচালনা এবং ক্রমবর্ধমান সার্ভিস চালিয়ে যাওয়ার জন্য বিনিয়োগকৃত পুঁজির পুরোটাই এখন তুলে আনছে ফেসবুক। বিশ্লেষকরা বলছেন, আর্থিকভাবে 'ফেসবুক'র টিকে যাওয়া এবং শেয়ার বাজারে এর শক্তিশালী অবস্থানের লক্ষণ এটি। সাইটটির বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও এর বাণিজ্যিক ভিত্তি নিয়ে সংশয় ছিল সবসময়ই। ব্রডপয়েন্ট অ্যামটেক'র বিশ্লেষক বেন স্যাচার বলেন, "মানুষজন এই সাইটটির পিছনে অর্থ ব্যয় করছে।" পাঁচ বছর আগে হার্ভার্ডের ছাত্রাবাস কক্ষে তৈরি হওয়ার পর থেকেই ইন্টারনেট ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের সাইটগুলোর একটি হয়ে উঠেছে 'ফেসবুক'। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে 'ইয়াহু' এবং 'গুগল'র মতো প্রতিষ্ঠিত ওয়েবসাইটগুলোর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সাইটটি। এক বছর আগেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ কোটি। যা এখন তিনগুণ হয়েছে। গত মাসে 'ফেসবুক' চালু করেছে আরও উন্নত একটি সার্চ ইঞ্জিন। আর বর্তমানে অনলাইনে টাকা পরিশোধ করার একটি প্রক্রিয়া নিয়ে তারা পরীক্ষা চালাচ্ছে। 'ফেসবুক' এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে একটি ব্লগে মঙ্গলবার জানান, গত তিন মাসেই প্রতিষ্ঠানটি অবাধ অর্থ প্রবাহে স্বনির্ভর হয়ে উঠেছে। যার জন্য নির্ধারিত সময় ছিল ২০১০ সাল। জুকারবার্গ তার ব্লগে বলেন, "এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ এর মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে স্বনির্ভর একটি সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে 'ফেসবুক'।" 'ফেসবুক'র মুখপাত্র ল্যারি য়ু জানান, এই নগদ অর্থ প্রবাহে কোনও ব্যক্তিগত বিনিয়োগ নেই। গত মে মাসে 'ফেসবুক'এ ২০ কোটি ডলার বিনিয়োগ করছে বলে ঘোষণা দেয় রুশ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিজিটাল স্কাই টেকনোলজিস। এই চুক্তির ফলে প্রতিষ্ঠান হিসেবে 'ফেসবুক'র মূল্য দাঁড়ায় ১ হাজার কোটি ডলারে। ফেসবুক বোর্ডের সদস্য মার্ক আন্দ্রিসেন এ বছরের শুরুর দিকে রয়টার্সকে জানান, এ বছর 'ফেসবুক' এর রাজস্ব ৫০ কোটি ডলার (৭০ শতাংশ) ছাড়িয়ে যাবে। মার্ক জুকারবার্গ তার ব্লগে আরও জানান, ব্যবহারকারীদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় কোম্পানী আরও দ্রুত ও নির্ভুল সেবা দেওয়ার উপায় খুঁজছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮১৪ ঘ.