২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু আলোচনা হতে পারে তুরস্কে: সোলানা

বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে তুরস্কে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা মঙ্গলবার একথা বলেছেন। তিনি পরমাণু কর্মসূচি বন্ধের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইরানকে ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে তুরস্কে। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা মঙ্গলবার একথা বলেছেন। তিনি পরমাণু কর্মসূচি বন্ধের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইরানকে ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান। ১ অক্টোবরে ইরানের পরমাণু আলোচনা কোথায় হতে পারে এ প্রশ্নের জবাবে ব্রাসেলসে সোলানা সাংবাদিকদের বলেন, "আমি মনে করি এটি খুব সম্ভবত তুরস্কে হবে।" ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে সন্দেহে পশ্চিমা বিশ্ব এ কর্মসূচি বন্ধের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে পশ্চিমাদের নীতি সম্পর্কে সোলানা বলেন, ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারের বিনিময়ে সুযোগ-সুবিধা লাভের প্রস্তাব দেওয়া হবে। অন্যথায় আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি বহাল থাকবে। তবে তিনি বলেন, "এখন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে কথা বলার সময় নয়। এ মুহূর্তে আমরা কেবল আলোচনা শুরু করার চেষ্টা করছি।" ইরান বিশ্বশক্তিগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনায় রাজি হয়েছে। কিন্তু পরমাণু কর্মসূচি নিয়ে কোনও আলোচনা তারা নাকচ করেছে। তাদের এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে ইরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫ ঘ.