বাগদাদ, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুড়া ইরাকি সাংবাদিক মুনতাজের আল জাইদি মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তার ভাই উদয় আল জাইদি একথা জানিয়েছেন।
গত ডিসেম্বরে ইরাকে এক সাংবাদিক সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশকে জুতা ছুড়ে মেরে এবং 'কুকুর' বলে গালি দিয়ে বিশ্বব্যাপী খবরের মধ্যমণিতে পরিণত হন মুনতাজের। বুশ বিদ্বেষী অনেক ইরাকিসহ মধ্যপ্রাচ্যে সমমনা অনেকেই তার এ সাহসের প্রশংসা করেছে।
কিন্তু সফররত একজন রাষ্ট্রপ্রধানকে অপমান করার অভিযোগে মুনতাজেরের তিনবছরের কারাদণ্ড হয়। তবে পরে তার সাজা কমিয়ে একবছর করা হয়।
উদয় আল জাইদি বলেন, জেল থেকে ছাড়া পেয়েই মুনতাজের তার সমর্থক কয়েকজন এমপির সঙ্গে দেখা করেন এবং বাগদাদিয়া টিভি স্টেশনের পথে রওনা হন। মুনতাজের এই টেলিভিশন চ্যানেলে কাজ করতেন বলে জানান উদয়।
ইরাকের একটি আদালত সোমবার জাইদিকে জেল থেকে মুক্তির নির্দেশ দেয়। ইরাকি আইনে এক বছরের সাজাপ্রাপ্ত সব বন্দি যারা আগে দোষী সাব্যস্ত হয়নি এবং ভালো আচরণ করেছে তাদেরকে আগাম মুক্তি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24