বান্দা আচি, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার আচি প্রদেশে ব্যভিচারের শাস্তি হিসাবে পাথর ছুড়ে হত্যার নতুন বিতর্কিত শরিয়া আইন সোমবার পাস করেছে স্থানীয় পার্লামেন্ট।
নতুন আইনে কোনও মুসলিম ব্যভিচার করলে তাকে পাথর ছুড়ে হত্যার বিধান রয়েছে। আগামী মাস থেকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
প্রাদেশিক সরকার প্রাথমিকভাবে আইনটি প্রস্তাব করলেও পার্লামেন্টে যোগ হওয়া এর কয়েকটি ধারা বাদ দেওয়ার কথা ভাবছে। ফলে আইনটি আবারও পর্যালোচনা করে দেখতে চায় সরকার।
মুসলিম অধুষ্যিত ইন্দোনেশিয়ায় কেবল আচি প্রদেশেই শরিয়া আইন চালু রয়েছে। ২০০২ সালে স্বায়ত্তশাসন চুক্তির অংম হিসাবে এ আইন চালু হয়।
অপরাধের শাস্তি হিসাবে শরিয়া আইনের আওতায় পড়ে ব্যভিচার, মদ পান, ধর্ষণ এবং সমকামের মতো অপকর্ম।
এর মধ্যে ব্যভিচারের শাস্তি নির্ধারণ করা হয়েছে পাথর ছুড়ে হত্যা। তবে এ আইনের প্রতিবাদ জানিয়েছে অনেকে।
নতুন আইনটির সমর্থনে এবং বিরুদ্ধে সোমবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ হয়েছে। আইনটি অমানবিক বলে এর প্রতিবাদ জানিয়েছে অনেকেই।
আচিতে নতুন পার্লামেন্ট শপথ নেবে আগামী মাসে। নতুন পার্লামেন্ট এ আইনের বিপক্ষে অবস্থান নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৮ ঘ.
bdnews24