২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া থেকে ঋণে ক্ষেপণাস্ত্র কিনছে ভেনেজুয়েলা

ট্যাংক ও অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভেনেজুয়েলাকে ২ বিলিয়ন ডলার ঋণ দিতে রাজী হয়েছে রাশিয়া। এ থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৈরী হুগো শ্যাভেজের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রক্ষা করতে চায় মস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 08:39 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

কারাকাস, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ট্যাংক ও অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্য ভেনেজুয়েলাকে ২ বিলিয়ন ডলার ঋণ দিতে রাজী হয়েছে রাশিয়া। এ থেকে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৈরী হুগো শ্যাভেজের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রক্ষা করতে চায় মস্কো। রোববার শ্যাভেজ জানিয়েছেন, গত সপ্তাহে তার মস্কো সফরের সময় ৯২টি ট্যাংক এবং এস-৩০০ ক্ষেপণাস্ত্রের একটি প্যাকেজ কেনার বিষয়ে চুক্তি হয়েছে। এস-৩০০ ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। দুই বছর আগে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের কাছে বিক্রি করতে রাজি হয়েছিল। এগুলো ইরানের পরমাণু স্থাপনায় ব্যবহৃত হতে পারে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠলে তা আর সরবরাহ করেনি মস্কো। শ্যাভেজ দাবি করে থাকেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময়েই ভেনেজুয়েলার তেলের ওপর দখল নেওয়ার জন্য হামলা চালাতে পারে। তবে তিনি বলেন, রাশিয়া তার দেশের পরমাণু জ্বালানি শক্তির উন্নয়নে সহায়তা করছে এবং ভবিষ্যতে পরমাণু বোমা বানানোর কোনো পরিকল্পনা কারাকাসের নেই। ২.২ বিলিয়ন ডলারের ঋণ বিষয়ক চুক্তির ঘোষণার পর শ্যাভেজ তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, "আমাকে বিষয়টি স্পষ্ট করতে দিন। ভেনেজুলেয়ার কারো ওপর আগ্রাসন বা দখলদারিত্ব চালানোর কোনো পরিকল্পনা নেই।" নতুন এসব অস্ত্র কিনতে ঠিক কত খরচ হবে সে বিষয়ে কিছু জানাননি শ্যাভেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৪১ ঘ.