২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও মতবিরোধ আছে: নেতানিয়াহু

ইহুদি বসতিস্থাপন বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের মতবিরোধ এখনও আছে। ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে এ ব্যবধান দূর করার জন্য আলোচনা চালিয়ে যেতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 11:36 AM

Updated : 26 Aug 2022, 12:03 PM

জেরুজালেম, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইহুদি বসতিস্থাপন বন্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের মতবিরোধ এখনও আছে। ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে এ ব্যবধান দূর করার জন্য আলোচনা চালিয়ে যেতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার একথা বলেছেন। মার্কিন দূত জর্জ মিচেলের ইসরায়েল সফরকালে নেতানিয়াহু একথা বললেন। মিচেল ইহুদি বসতিস্থাপন বন্ধ এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরু করানোর চেষ্টায় ইসরায়েল সফর করছেন। সোমবার মিচেলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর। সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, "এখনও কাজ করার আছে। কয়েকটি ইস্যুতে অগ্রগতি হয়েছে এবং কয়েকটি ইস্যুতে আমাদেরকে অগ্রসর হতে হবে।" বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে নেতানিয়াহু বলেন, "আশা করি আমরা ব্যবধান কমাতে সক্ষম হব এবং মতবিরোধ কমিয়ে আনতে পারব যাতে করে আমরা কূটনৈতিক প্রক্রিয়ায় সামনে অগ্রসর হতে পারি।" শনিবার ইসরায়েল সফরে যান মিচেল। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যান ও প্রেসিডেন্ট শিমন পেরেসের সঙ্গে রোববার এবং মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। ইসরায়েলের নেতারা চাইছেন বসতিস্থাপন বন্ধের যে কোনও চুক্তির অংশ হিসাবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে প্রাথমিক পদক্ষেপ নিতে রাজি করানোর ওয়াশিংটনের চেষ্টায় অগ্রগতি হোক। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ইহুদিবসতিস্থাপন নিয়ে আলোচনা করতে নেতানিয়াহুর কায়রো সফরের কথা রয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মাহমুদ আব্বাস দুজনই বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবসতিস্থাপন বন্ধে চুক্তি হলে শান্তি আলোচনার পথ সুগম হতে পারে। আব্বাস জোর দিয়েই বলে আসছেন, ২০০৩ সালের রোডম্যাপ শান্তিপ্রক্রিয়া অনুযায়ী, ইহুদি বসতিস্থাপন বন্ধ না হওয়া পর্যন্ত ডিসেম্বরে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরু করবেন না তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৫ ঘ.