ক্যালিফোর্নিয়া, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভোখেয়া যান ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৪ দিনের মিশন শেষে শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে। খারাপ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত অবতরণস্থল ফ্লোরিডায় ডিসকভারিকে নামানো সম্ভব হয়নি।
নভোখেয়াযানটির স্থায়ী নোঙ্গর করার স্থান ফ্লোরিডায় আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি হওয়ায় নাসা দু'দিন অপেক্ষার পর ডিসকভারিকে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড বিমানঘাঁটিতে অবরতণ করায়।
সেখানেও আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তবে খেয়াযানটি নিরাপদেই গ্রিনিচ মান সময় শনিবার ০০৫৩ টায় অবতরণ করে।
ডিসকভারি মাটিতে স্থির হওয়ার পর 'মিশন কন্ট্রোল' থেকে নভোচারি এরিক বোয়ে ক্রুদের বার্তা পাঠান: "ডিসকভারির ঘরে ফেরায় স্বাগতম। খুবই সফল একটি মিশনের জন্য আপনাদের অভিনন্দন।"
বিমানঘাঁটিতে রাত নেমে এলে, অবতরণের দু'ঘণ্টা পর ডিসকভারির সঙ্গে ফেরা ছয় নভোচারী হাসিমুখে একটি পরিবহন যান থেকে নেমে প্রথামাফিক খেয়াযানটির চারপাশ ঘুরে এর হালঅবস্থা প্রত্যক্ষ করেন।
ডিসকভারি এ যাত্রায় সাড়ে ৭ টনেরও বেশি খাবার, গবেষণাগারের যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ, নতুন একটি ব্যয়ামের যন্ত্র এবং ক্রুদের থাকার জায়গা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছে। সঙ্গে নিয়ে এসেছে স্টেশনে দু'মাস ধরে থাকা ফ্লাইট এঞ্জিনিয়ার টিম কোপরাকে। তার বদলে রেখে এসেছে নিকোল স্টোটকে। তিনি নভেম্বরে নাসার পরবর্তী ফ্লাইট না পাঠানো পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২০ ঘ.
bdnews24