ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের ভয়াল হামলার স্মরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের প্রতি আফগান যুদ্ধের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। "আসুন আমারা ওই বর্বর হামলাকারী এবং এখনো যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অঙ্গীকারকে সুসংহত করি।" বলেন তিনি।
জনমত জরিপে আফগানিস্তানে যুদ্ধের প্রতি মার্কিনিদের সমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে এ আহ্বান জানালেন ওবামা।
শুক্রবার ছিল মার্কিন ভূ-খণ্ডে আল কায়েদার পরিচালিত ভয়ঙ্কর হামালার অষ্টমবর্ষ পূর্তি। ২০০১ সালের এই দিনে ৪টি বিমান ছিনতাই করে একযোগে নিউইয়র্কের টুইন টাওয়ার ও পেন্টাগনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি বিমান বিধ্বস্ত হয় পেনসিলভানিয়ায়। সব মিলিয়ে নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ।
ওবামা এদিন পেন্টাগনে টিপটিপ বৃষ্টির মধ্যে শোকাবহ পরিবেশে প্রায় ৫০০ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন।
সেই ১১ সেপ্টেম্বরে ওয়াশিংটনের ডালেস এয়ারপোর্ট থেকে আমেরিকান এয়ারলাইনস এর ফ্লাইট ৭৭ ছিনতাই করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগনে বিধ্বস্ত করা হলে বিমানটির ৫৯ যাত্রী ও ক্রু, পাঁচ ছিনতাইকারীসহ ১২৫ জন নিহত হয়।
ছিনতাইকারীরা দুটি বিমান নিয়ে আছড়ে পড়ে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। তৃতীয়টি আঘাত হানে পেন্টাগনে। চতুর্থটির ত্র" ও যাত্রীরা ছিনতাইকারীদের সঙ্গে লড়াই করে বিমানটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালালে সেটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
সেই ভয়াল হামলার স্মরণে নিউ ইয়র্কের গ্রাউন্ড জিরোতে সমবেত হয়েছিল হাজার হাজার মানুষ। এখানেই ধ্বংস হয়েছিল 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার' এর টুইন টাওয়ার।
হামলাস্থলগুলোতে প্রতিবারের মতো এবারও স্মরণে নীরবতা পালনসহ নিহতদের নাম পড়ে শোনানো হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি বিমানের আঘাত হানা ও ভবন দুটি ধসে পড়া--- ওই চারটির মূহুর্তের স্মরণে ৪ বার নীরবতা পালন করা হয়। এখানে নিহত ২,৭০০ লোকের নাম পড়ে শোনান তাদের স্বজন ও হামলার পরপরেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া কর্মীরা।
পেন্টাগনে ওবামা প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসকে সঙ্গে নিয়ে হামলার শিকার হওয়া পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
আগের দিন বৃহস্পতিবার ওবামা একটি বিবৃতিতে ওই জঘন্য অপরাধ যারা সংঘটিত করেছে তাদের পাকড়াও করার অঙ্গীকার করেন। পাশাপাশি নিহতদের জন্য ন্যায়বিচারের ববস্থা করাসহ জাতির প্রতি সব হুমিকর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও অঙ্গীকার করেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল বক্তব্য রাখেন পেনসেলভানিয়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24