২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রস্তাবের আলোচ্যসূচিতে নিজের পরমাণু কর্মসূচি নেই

পশ্চিমকে ইরান যে প্যাকেজ প্রস্তাব দিয়েছে তাতে নানাবিষয় নিয়ে আলোচনার বিষয় থাকলেও নিজের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো কথা নাই। বৃহস্পতিবার প্যাকেজটি বিষয়বস্তু প্রকাশ পাওয়ায় এ তথ্য জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2009, 05:42 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিমকে ইরান যে প্যাকেজ প্রস্তাব দিয়েছে তাতে নানাবিষয় নিয়ে আলোচনার বিষয় থাকলেও নিজের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো কথা নাই। বৃহস্পতিবার প্যাকেজটি বিষয়বস্তু প্রকাশ পাওয়ায় এ তথ্য জানা গেছে। আলাদাভাবেও ইরানের কমকর্তারা তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনোধরনের আলোচনা হবে না বলে জানিয়ে দিয়েছে। পশ্চিমের সন্দেহ পরমাণু বোমা বানানোই তেহরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য তবে ইরান বরাবরই বলে আসছে, এই কর্মসূচির মাধ্যমে তারা বিদ্যুৎ ক্ষমতা বাড়ানো চেষ্টা চালাচ্ছে। ছয়জাতি বিশ্বশক্তি প্রস্তাব পাওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লেভরভ বলেছেন,্ ইরানের প্রস্তাবে কাজ করারও বিষয় রয়েছে। তিনি দেশটির অর্থনীতির মূলভিত্তি তেল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। পশ্চিমা শক্তিগুলো তাদের ভাষায় তেহরানের 'অনমনীয় মনোভাব এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বানের সরাসরি প্রত্যাখ্যান' এবং ২০০৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবসত্ত্বেও পশ্চিমের সঙ্গে এ নিয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার ঘটনায় আরও বেশি হতাশ হয়ে পড়েছে। এইসব দাবির সরাসরি জবাব না দিয়ে তেহরান গত বুধবার বিশ্বশক্তির কাছে পাঁচ পৃষ্ঠার একটি প্রস্তাব হস্তান্তর করে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটে এটি প্রথম প্রকাশ পেয়েছে। এতে সাধারণভাবে রাজনীতি, নিরাপত্তা, আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করার প্রস্তাব রয়েছে। পরমাণু বিষয়ে জাতিসংঘের নজরদারি সংস্থায় তেহরানের দূত আলী আসগর সোলতানিয়াও বৃহস্পতিবার বলেছেন, পশ্চিমা শক্তির সঙ্গে তেহরানের কোনো আলোচনা হলে সেখানে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি স্থান পাবে না। তিনি গত সপ্তাহেও একইরকম মন্তব্য করেছিলেন। দেশটির আরবি ভাষার টিভি আল আলাম জানায়, সোলতানিয়া বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে মতপার্থক্য কমাতে প্যাকেজ প্রস্তাব তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তবে তাদের সঙ্গে পরমাণু বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, "সব দেশ যাতে পরমাণু জ্বালানি শক্তির অধিকার পায় এবং পরমাণু অস্ত্রের বিস্তাররোধ করতে পারে- এমন বিষয়সহ বিভিন্ন বিষয়ে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ আলোচনা করতে প্রস্তুত তেহরান।" "তবে এসব আলোচনায় তেহরানের পরমাণু কর্মসূচি এবং এ সম্পর্কিত বৈধ সব যোগাযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫৭ ঘ.