২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা নয়: ইরান

ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পশ্চিমা শক্তির সঙ্গে তেহরানের কোনো আলোচনা হলে সেখানে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি স্থান পাবে না। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 02:38 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

তেহরান, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পশ্চিমা শক্তির সঙ্গে তেহরানের কোনো আলোচনা হলে সেখানে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি স্থান পাবে না। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। পরমাণু বিষয়ে জাতিসংঘের নজরদারি সংস্থায় তেহরানের দূত আলী আসগর সোলতানিয়া বুধবার ছয়জাতি বিশ্বশক্তির কাছে একটি প্যাকেজ প্রস্তাব করার একদিন পর এই মন্তব্য করেন। সোলতানিয়া গত সপ্তাহেও একইরকম মন্তব্য করেছিলেন। দেশটির আরবি ভাষার টিভি আল আলাম জানায়, সোলতানিয়া বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে মতপার্থক্য কমাতে প্যাকেজ প্রস্তাব তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তবে তাদের সঙ্গে পরমাণু বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, "সব দেশ যাতে পরমাণু জ্বালানি শক্তির অধিকার পায় এবং পরমাণু অস্ত্রের বিস্তাররোধ করতে পারে- এমন বিষয়সহ বিভিন্ন বিষয়ে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ আলোচনা করতে প্রস্তুত তেহরান।" "তবে এসব আলোচনায় তেহরানের পরমাণু কর্মসূচি এবং এ সম্পর্কিত বৈধ সব যোগাযোগের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫৮ ঘ.