কাবুল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের ভোট নিয়ে মূলত জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন জালিয়াতির প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার বেশ কিছু ভোট বাতিল করে দিয়েছে। ইলেকশন কমপ্লেইন্টস কমিশন (ইসিসি) ভোট বাতিল করা শুরু করায় দেশটিতে কয়েকমাস ধরে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার ইসিসি বলেছে, গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তারা "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পেয়েছে। অনেক ভোট পুনর্গণনারও আদেশ দিয়েছে কমিশন।
ইতিমধ্যে আফগানিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, ৯১ দশমিক ৬ শতাংশ ভোট গণনায় কারজাই ৫৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ২৮ দশমিক ২৩ শতাংশ।
কারজাই এক বিবৃতিতে দাবি করেছেন, নির্বাচন সততার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
ভোটের ফলাফলের ক্ষেত্রে ভিটো দিতে সক্ষম ইসিসি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা ইতিমধ্যে গজনি প্রদেশের ১৭টি কেন্দ্রের সব ভোট বাতিল করেছে। ভোট জালিয়াতির তদন্ত করে তা বাতিল করার এটা ইসিসির প্রথম পদক্ষেপ এবং কর্মকর্তারা বলেছেন, জটিল এই প্রক্রিয়া চালিয়ে যেতে কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস লেগে যেতে পারে।
কমিশন বলেছে, "ভোট গ্রহণ ও গণনার সময় পাওয়া অভিযোগ তদন্ত করে ওইসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।"
গত মঙ্গলবার ইসিসি বলেছে, যেসব ভোটকেন্দ্রে ৬০০ এর বেশি ভোট পড়েছে, এবং যেসব কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েছে তা আবার গণনা ও নিরীক্ষা করে দেখতে হবে। ১০০ এর বেশি বৈধ ভোট পড়া কোনো কেন্দ্রে একজন প্রার্থী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে থাকলেও তা আবার গণনা করতে হবে।
ইসিসি জানায়, জালিয়াতির প্রমাণ পাওয়া কেন্দ্রগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে অথবা একজন প্রার্থী প্রত্যাশার অনুপাতের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন।
"ইসিসি আরও দেখেছে, জালিয়াতির প্রমাণ পাওয়া বেশিরভাগ কেন্দ্রেই প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ভোট পড়েছে যদিও বিশ্বাসযোগ্র নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো ওইসব কেন্দ্রে কম ভোট পড়ার কথা জানিয়েছিল।"
পাঁচ সদস্যের ইসিসি'র তিনজনকে নিয়োগ দিয়েছে জাতিসংঘ। এর প্রধান একজন কানাডিয়ান।
এদিকে আফগানিস্তানে নির্বাচন কমিশন বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে জয়ী করার জন্যই ভোট গণনা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আবদুল্লাহ।
সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী বৃস্পতিবার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের ইন্ডিপেন্ড ইলেকশন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং কারজাইকে জয়ী করার জন্য কারচুপি করছে।
তিনি বলেন, ভোটাররা এই ভোট জালিয়াতির কারণে প্রতারিত হওয়ায় দেশকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে।
আবদুল্লাহ বলেন, "কমিশন আর ইনডিপেন্ড (নিরপেক্ষ) নেই। এটা প্রেসিডেন্ট কারজাইয়ের পক্ষে কাজ করছে।" তিনি আরও বলেন, "কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং তাদের অসততা এখন ব্যাপকবিস্তৃত।"
প্রেসিডেন্ট কারজাই ২০ আগস্ট অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন।
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ জানিয়েছে, নির্বাচনে কারচুপি বিষয়ক সর্বশেষ তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনকে সুষ্ঠু বলে রায় দেবে না।
আব্দুল্লাহ বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে এখনও নির্বাচনের সুষ্ঠু ফলাফল পাওয়া সম্ভব।
তিনি বলেন, "নির্বাচনের ফলাফলই আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য যথেষ্ট বলেই আমার মনে হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩১ ঘ.
bdnews24