২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভোট জালিয়াতি, পুনর্গণনার নির্দেশ ইসিসি'র

আফগানিস্তানের ভোট নিয়ে মূলত জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন মঙ্গলবার বলেছে, গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তারা "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পেয়েছে। অনেক ভোট পুনর্গণনারও আদেশ দিয়েছে কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

কাবুল, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের ভোট নিয়ে মূলত জাতিসংঘের নিয়োগ করা নজরদারি কমিশন মঙ্গলবার বলেছে, গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তারা "জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ" পেয়েছে। অনেক ভোট পুনর্গণনারও আদেশ দিয়েছে কমিশন। ইলেকশন কমপ্লেইন্টস কমিশন (ইসিসি) এক বিবৃতিতে বলেছে, যেসব ভোটকেন্দ্রে ৬০০ এর বেশি ভোট পড়েছে, এবং যেসব কেন্দ্রে ১০০ শতাংশ ভোট পড়েছে তা আবার গণনা ও নিরীক্ষা করে দেখতে হবে। ১০০ এর বেশি বৈধ ভোট পড়া কোনো কেন্দ্রে একজন প্রার্থী ৯৫ শতাংশের বেশি ভোট পেয়ে থাকলেও তা আবার গণনা করতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, "তদন্ত করতে গিয়ে ইসিসি অনেক কেন্দ্রে ভোট জালিয়াতির সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে।" ইসিসি বলেছে, জালিয়াতির প্রমাণ পাওয়া কেন্দ্রগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভোট পড়েছে অথবা একজন প্রার্থী প্রত্যাশার অনুপাতের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। "ইসিসি আরও দেখেছে, জালিয়াতির প্রমাণ পাওয়া বেশিরভাগ কেন্দ্রেই প্রত্যাশার চেয়ে অতিরিক্ত ভোট পড়েছে যদিও বিশ্বাসযোগ্র নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো ওইসব কেন্দ্রে কম ভোট পড়ার কথা জানিয়েছিল।" পাঁচ সদস্যের ইসিসি'র তিনজনকে নিয়োগ দিয়েছে জাতিসংঘ। এর প্রধান একজন কানাডিয়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪১ ঘ.