লুইসভিল, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে ২০০৬ সালে একটি মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ ও তাকেসহ তার পুরো পরিবারকে হত্যার অপরাধে সাবেক এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্টের একটি ফেডারেল আদালত।
গত এপ্রিলে একজন বেসামরিক নাগরিক হিসেবে স্টিভেন গ্রিন (২৪) নামের এই ব্যক্তিকে খুন, ধর্ষণ ও বিচারে বাধাদানের দায়ে অভিযুক্ত করা হয়। সেনাবাহিনী থেকে 'ব্যক্তিগত অসাদাচারণের' জন্য চাকুরিচ্যুত হওয়ার পর গ্রেপ্তার হওয়ার কারণেই বেসামরিক ব্যক্তি হিসেবে তার বিচার করা হয়েছে।
সেনাবাহিনীর সাবেক এই প্রাইভেট (সিপাহি) মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়ে গেছে জুরিরা একমত না হতে পারার কারণে। কেন্টাকিতে ইউএস ডিস্ট্রিক কোর্টের বিচারক টমাস রাসেল তাকে যাবজ্জীবন দিয়েছেন।
আদালতে পেশ করা সাক্ষ্যপ্রমাণে জানা যায়, গ্রিন ২০০৬ সালের ১২ মার্চ সদস্যের সেনাদলের নেতৃত্ব দিয়ে ১৪ বছর বয়সী আবির কাসেম আল-জনাবিকে ধর্ষণের উদ্দেশ্যে তার বাড়িতে প্রবেশ করে এবং একটি শয়নকক্ষের ভেতর জনাবির মা-বাবা ও ছয় বছর বয়সী বোনকে হত্যা করার পর একে একে সবাই তাকে ধর্ষণ করে। এরপর সে জনাবির মাথায় তিনটি গুলি চালিয়ে তাকে হত্যা করার পর লাশে আগুন ধরিয়ে দেয়।
এই দলের বাকি চার সেনাকে পাঁচ থেকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই ঘটনাটি সহ আমেরিকার সেনাদের কয়েকটি নারকীয় ঘটনায় ইরাকিরা ক্ষোভে ফেটে পড়ে এবং দেশটি এবং এর সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাজুক হয়ে পড়ে।
মার্কিন সেনাবাহিনীর ক্রিমিনাল ইনভেস্টিগেশন কমান্ডের ব্রিগেডিয়ার জেনারেল রডনি জনসন বলেছেন, "আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি ওই জঘন্য ও নারকীয় হামলার পর এই রায়ের ফলে পরিবারটির স্বজনেরা কিছুটা হলেও সান্ত্বনা পাবেন।"
পরিবারটির স্বজনরা গ্রিনের বিচারের জন্য কেন্টাকি সফরকালে তাকে 'কাপুরুষ' অভিহিত করে বলেছিলেন, তার কর্মকাণ্ড আজীবন তার পিছু ছাড়বে না।
আদালতের শুনানিতে জনাবির কাকা বলেন, "নিরীহ মেয়েটির মুখ অন্ধকার কারাপ্রকোষ্ঠে জীবনের শেষদিন পর্যন্ত তোমাকে তাড়িয়ে বেড়াবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩২১ ঘ.
bdnews24