তেহরান, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনপরবর্তী বিক্ষোভ-সহিংসতায় ৭২ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির এক মিত্র। বৃহস্পতিবার সংস্কারবাদীদের মোশারেকাত ওয়েবসাইট একথা জানিয়েছে।
আলিরেজা হোসেনি বেহেশতির ১১ আগস্টে নিহতের যে সংখ্যা দিয়েছিলেন তার চেয়ে এ সংখ্যা আরও তিনজন বেশি।
ইরান কর্র্তৃপক্ষ বলেছে, নির্বাচন পরবর্তী সহিংসতা নিহতের সংখ্যা ২৬। সেইসঙ্গে তারা আরও জানায়, এদের মধ্যে আধাসরকারি ইসলামি বাসিজ মিলিশিয়ার কয়েকজন সদস্যও রয়েছে।
কিন্তু বেহেশতির উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটটি জানায়, "রাজপথের ওই সহিংসতায় নিহতের সংখ্যা ৭২ জন।"
নির্বাচন পরবর্তী বিক্ষোভ-সহিংসতা ইরানে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট।
বিরোধীরা অভিযোগ করে আসছে নির্বাচনে কারচুপি করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছেন। তবে কর্তৃপক্ষ বরাবরই তা অস্বীকার করে আসছে।
নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ভাগ্য নির্ধারণে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির গঠিত তদন্ত কমিটির সদস্য বেহেশতি।
মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নির্বাচন পরবর্তী বিক্ষোভে জড়িত থাকার সন্দেহে সরকার বিরোধীদলীয় নেতা কর্মীসহ শত শত লোককে গ্রেপ্তার করেছে। তাদের অনেকেই এখনও কারান্তরীণ। ইরান দফায় দফায় এদের গণবিচার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩৮ ঘ.
bdnews24