টোকিও, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপানের অতীত সামরিক মত্ততার যে ভূত এশিয়ার দেশগুলোর সঙ্গে এর সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে আছে, জাপানে ক্ষমতায় বসতে যাওয়া নবীন ডেমোক্র্যাটিক পার্টি তা তাড়ানো ছাড়াও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে লড়ে রাজনৈতিক প্রভাববলয় বাড়াতেও সচেষ্ট হবে। বিশ্লেষকরা একথা বলেছেন।
তবে বিশ্লেষকরা এও বলেছেন, রোববারের নির্বাচনে বিপুল জয় পেয়ে জাপানে ব্যাপক পরিবর্তনের সূচনা করা ডেমোক্র্যাটদের এইসব কাজে হাত দেওয়ার আগে ভোটারদের মনে এই আশা জাগিয়ে তুলতে হবে যে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিকে তারা সুচারুভাবে চালিয়ে নিতে সক্ষম।
বেজিংয়ের সিংগুয়া ইউনিভার্সিটির জাপান বিষয়ে বিশেষজ্ঞ লিউ জিয়াং ইয়ং বলেছেন, "জাপান প্রথমে নিজের দিকে নজর দেবে।"
প্রবিবেশী দেশগুলোর সঙ্গে জাপানের সমস্যা জটিলতর হয়ে উঠতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। এর মধ্যে ছিল যুদ্ধের শিকারদের ক্ষতিপূরণ প্রদান নিয়ে বিরোধ, ভূ-খণ্ডগত বিরোধ এবং অনেকের দৃষ্টিতে চীনে আগ্রাসন চালানোর জন্য যথাযথ ক্ষমা প্রার্থনা না করা।
ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইউকিয়ো হাতোয়ামার দেশটির নতুন প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত। তিনি বিতর্কিত ইয়াসুকুনি স্মৃতিসৌধে যাবেন না ঘোষণা দিয়ে ইতিমধ্যেই চীন ও দক্ষিণ কোরিয়ার কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। ওই সৌধকে জাপানের অতীত সামরিকত্ববাদের প্রতীক হিসেবে দেখা হয়।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি ওই স্মৃতিসৌধ সফর করায় চীন ও দক্ষিণ কোরিয়া ক্ষুব্ধ হয়। এ নিয়ে বাণিজ্যের বৃহৎ অংশীদার দেশদুটির সঙ্গে জাপানের সম্পর্ক শীতল হয়ে পড়ে। ব্যবসায়ীরা সম্পর্ক একেবারেই নিচে নেমে যাওয়ার প্রমাণ গুণতে থাকেন।
নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও ঘোষণা না হলেও গণমাধ্যমে প্রকাশিত ফলে দেখা গেছে, ডেমোক্র্যাটরা পার্লামেন্টের ৪৮০ আসনের নিুকক্ষে ৩০৮ টি আসন পেয়েছে। ক্ষমতাসীন এলডিপি পেয়েছে মাত্র ১১৯ টি আসন।
দলের বিশাল জয়ের প্রশংসা করে হাতোয়ামা একে 'নির্বাচনী বিপ্লব' আখ্যা দিয়েছেন। টোকিওয় সোমবার নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "দীর্ঘ সময় লাগল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যাত্রা শুরুর পথে পৌঁছতে পারলাম।"
এই বিশাল জয়ের মাধ্যমে তার দল জনগণের আকাঙ্ঘা পূরণে নতুন ধরনের রাজনীতি সৃষ্টির সক্ষমতা পেল উল্লেখ করে হাতোয়ামা বলেন, "আমরা উদ্ধত হব না। জনগণের কথা শুনব।"
বর্তমান রাজনীতি এবং ক্ষমতাসীন কোয়ালিশনের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, "আমরা জনগণের পরিবর্তনের তাগিদ অনুভব করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০০ ঘ.
bdnews24